মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে ক্লাসে ফিরে যান

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৩৯
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার গত চার বছরে বেসরকারি শিক্ষকদের যে সুযোগ-সুবিধা প্রদান করেছে বিগত কোন সরকার তা করেনি। ২৮ বছর ধরে শিক্ষকরা ১০০ টাকা বাড়ি ভাড়া, ১৮ বছর ধরে ১৫০ টাকা চিকিত্সা ভাতায় চলছেন। ১ জানুয়ারি থেকে সরকার প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারীর বাড়ি ভাড়া ৫ গুণ এবং চিকিত্সা ভাতা দ্বিগুণ বাড়িয়েছে। যারা ক্ষমতায় থাকাকালীন শিক্ষক-কর্মচারীদের জন্য ১ টাকাও বৃদ্ধি করেননি, তাদের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে ক্লাসে ফিরে যান। তিনি গতকাল ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের কৃতী ছাত্রী সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষক-কর্মচারীদের প্রতি এ আহ্বান জানান। শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ২৫৫টি সরকারি কলেজ এবং ৩টি সরকারি মাদ্রাসা আছে উল্লেখ করে বলেন দেশের প্রায় ৩৪ হাজার বেসরকারি এমপিওভুক্ত ও ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীকে রাতারাতি জাতীয়করণের দাবি তুলে বাহবা পাওয়া গেলেও কতটা বাস্তবসম্মত তা একটু হিসেব করলেই বোঝা যায়। একটি শিক্ষক সংগঠনের চিহ্নিত এক নেতা তার দল ক্ষমতায় থাকাকালীন কোনদিন জাতীয়করণের আন্দোলন তো দূরের কথা, দাবিও তোলেননি। সরকার যখন শিক্ষক-কর্মচারীদের সুদীর্ঘ বঞ্চনার পরিসমাপ্তির উদ্যোগ নিয়েছে, তখনই জাতীয়করণের আন্দোলনের নামে ক্লাস-পরীক্ষা বন্ধ করে রাস্তায় নামানো হয়েছে। নাহিদ শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানে ব্রতী হওয়ার আহ্বান জানান। - তথ্য বিবরণী