ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে দুই দিনের সফরে আগামী ২৮ জানুয়ারি ঢাকা আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের আমন্ত্রণে ঢাকা সফরকালে ভারতীয় মন্ত্রী প্রস্তাবিত আসামি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর এবং সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। দুই স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত অপরাধ বিশেষ করে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা বন্ধ এবং সীমান্ত সংশ্লিষ্ট অমীমাংসিত ইস্যুগুলো নিষ্পত্তির উদ্যোগ নেবেন বলে একটি দায়িত্বশীল সূত্র জানায়।
আসামি প্রত্যর্পণ বা বহিসমর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় এক দেশের অপরাধী অপর দেশে পলাতক বা বন্দী থাকলে ফেরত দেয়ার বিধান থাকবে। এছাড়া দুই স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক আলোচনায় ভিসা সহজীকরণ (আরটিএ) বিষয়ে একটি সমঝোতা হবে।
ঢাকা সফরকালে সুশীল কুমার সিন্দে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে পৃথকভাবে সাক্ষাত্ করবেন।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সিনিয়র সদস্য সুশীল কুমার গত বছর জুলাই মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। এর আগে ছিলেন বিদ্যুত্ মন্ত্রী। এছাড়া অন্ধ্র প্রদেশের গভর্নর এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও ছিলেন সুশীল কুমার।
