বরিশাল শিক্ষা বোর্ডে নাইট গার্ড জিম্মি করে ডাকাতি

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২২:৪১
বরিশাল শিক্ষা বোর্ডে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার গভীর রাতে একদল ডাকাত অস্ত্রের মুখে নাইট গার্ডদের জিম্মি করে এ ঘটনা ঘটায়। বরিশাল শিক্ষা বোর্ডের নাইট গার্ড তহিদুল জানান, গত বুধবার রাত ২টার দিকে তার ডিউটি শেষ হওয়ার পর অপর নাইট গার্ড সোহাগকে ডাকতে গেলে আট-নয়জনের একদল ডাকাত অস্ত্রের মুখে তাদের কক্ষে জিম্মি করে। নাইট গার্ডদের থাকার কক্ষে অবস্থানরত পাঁচজনকে বেঁধে চাবি ছিনিয়ে নেয় ডাকাতরা। এ সময় তারা নিচ তলা ও তৃতীয় তলার তালা ভেঙ্গে মালামাল তছনছ করে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার দৈনিক ইত্তেফাককে জানান, তিনি সকালে অফিসে এসে সব কিছু তছনছ দেখতে পান। তবে অফিসের তেমন কোনো কাগজপত্র এ পর্যন্ত খোয়া যায়নি। ১৭টি রুমের ২৬টি আলমারি এবং পাঁচটি ফাইল-কেবিনেট ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শিক্ষা বোর্ডের সচিব আবদুল মোতালেব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেছেন। এ ছাড়া শিক্ষা বোর্ডের উচ্চমান সহকারী ফাহমিদার ছয় ভরি এবং অপর এক উচ্চমান সহকারীর তিন ভরি স্বর্ণালংকার ও সাত হাজার টাকা, এক কর্মকর্তা ও আরেক কর্মচারীর ড্রয়ারে থাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে ডাকাত দল। উচ্চমান সহকারী ফাহমিদা বলেন, ‘নিরাপদ ভেবে দীর্ঘ দিন ধরে অফিসের আলমারির ভেতরে স্বর্ণালংকার রাখতাম।’