প্রিয় শিক্ষার্থীরা, Srijonshil.com রচিত সৃজনশীল লেসনে তোমাদের স্বাগতম। আজ আমরা গত মঙ্গলবারে প্রকাশিত সৃজনশীল প্রশ্নটির নমুনা উত্তর আলোচনা করবো এবং সেই সাথে নবম দশম শ্রেণির পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য রসায়নবিজ্ঞান বিষয়ের একটি সৃজনশীল প্রশ্ন প্রকাশ করবো। এই লেসনটি তোমরা একযোগে পাবে www.Srijonshil.com ওয়েবসাইট ও তোমাদের পছন্দের দৈনিক ইত্তেফাকের অনুশীলন পাতায়।
আজকের সৃজনশীল প্রশ্ন ও উত্তর (রসায়নবিজ্ঞান)
নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ
A, B, C, D, E, ও F হলো ছয়টি মৌলের কাল্পনিক প্রতীক। মৌলগুলোর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 4, 5, 7, 9, 10, 12।
ক. প্রদত্ত মৌলগুলোর মধ্যে কোন মৌলটি নিষ্ক্রিয় গ্যাস?
খ. A মৌলটি একটি ধাতু কেন, ব্যাখ্যা করো।
গ. D ও F মৌলের মধ্যে কীভাবে রাসায়নিক বন্ধন গঠিত হবে, ব্যাখ্যা করো।
ঘ. “প্রদত্ত মৌলগুলোর মধ্যে A এর পারমাণবিক আকার সবচেয়ে কম এবং F এর পারমাণবিক আকার সবচেয়ে বেশি” – উক্তিটি মূল্যায়ন করো।
নমুনা উত্তর
ক. প্রদত্ত মৌলগুলোর মধ্যে E মৌলটি নিষ্ক্রিয় গ্যাস।
খ. আমরা জানি, যে মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষপথে 1, 2 অথবা 3 টি ইলেকট্রন থাকে সে মৌল ধাতু।
প্রদত্ত উদ্দীপকের A মৌলটির পারমাণবিক সংখ্যা 4। তাহলে এর ইলেকট্রন সংখ্যাও হবে 4। তাহলে এর প্রথম কক্ষপথ ও শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে যথাক্রমে 2 ও 2। যেহেতু A মৌলটির পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2, সেহেতু এই মৌলটি একটি ধাতু।
গ. প্রতিটি পরমাণু নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে স্থিতিশীল হতে চায়। এটি করার জন্য পরমাণুসমূহ ইলেকট্রনের আদান প্রদান কিংবা শেয়ার করে এবং রাসায়নিক বন্ধনে জড়িয়ে পড়ে।
প্রদত্ত উদ্দীপকের D ও F মৌল এবং তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়ন (Ne) এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ
D (9) = 2, 7 Ne (10) = 2, 8
F (12) = 2, 8, 2 Ne (10) = 2, 8
এখানে, F মৌলের একটি পরমাণু Ne এর মত ইলেকট্রন বিন্যাস পেতে দুইটি ইলেকট্রন ত্যাগ করবে। অন্যদিকে D মৌলের দুইটি পরমাণুর প্রত্যেকে Ne এর মত ইলেকট্রন বিন্যাস পেতে F পরমাণু থেকে একটি করে ইলেকট্রন গ্রহণ করবে। এতে F পরমাণুটি ধনাত্মক ও D পরমাণুগুলো ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে পরস্পরকে আকর্ষণ করবে ও একটি আয়নিক যৌগ তৈরি করবে যার আণবিক সংকেত হবে F2D।
ঘ. আমরা জানি, একটি মৌলের পরমাণুতে ইলেকট্রনসমূহ যত সংখ্যক স্তর দখল করে থাকে সে মৌলের অবস্থান হয় তত নম্বর পর্যায়ে এবং পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে ঐ মৌলের গ্রুপ সংখ্যা।
A, B, C, D ও E মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ
A (4) = 2, 2
B (5) = 2, 3
C (7) = 2, 5
D (9) = 2, 7
E (10) = 2, 8
যেহেতু প্রত্যেকটি মৌলের ইলেকট্রন দুইটি স্তর দখল করেছে, সেহেতু মৌলগুলোর প্রত্যেকটির অবস্থান দুই নম্বর পর্যায়ে। কিন্তু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা অনুসারে A, B, C, D ও E এর গ্রুপ সংখ্যা হবে যথাক্রমে 2, 3, 5, 7 ও 8। অর্থাত্ A, B, C, D ও E একই পর্যায়ে বাম থেকে ডানে অবস্থিত।
আমরা জানি, যেকোন পর্যায়ে যতই ডানদিকে যাওয়া যায়, ততই পরমাণুর আকার কমে। তাহলে A, B, C, D ও E মৌলগুলোর মধ্যে E এর পারমাণবিক আকার সবচেয়ে কম এবং A এর পারমাণবিক আকার সবচেয়ে বেশি।
আবার, F এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ
F (12) = 2, 8, 2
তাহলে, F তিন নম্বর পর্যায় ও দুই নম্বর গ্রুপে অবস্থিত। অর্থাত্ A ও F উভয়ে একই গ্রুপের পরমাণু এবং F, A মৌলের নিচে অবস্থিত।
আমরা জানি, একই গ্রুপে যতই নিচের দিকে যাওয়া যায়, ততই পরমাণুর আকার বাড়ে। তাই F মৌলের পারমাণবিক আকার A মৌলের চেয়ে বেশি।
উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, প্রদত্ত উক্তিটি পুরোপুরি সত্য নয়। প্রকৃত অর্থে, F এর পারমাণবিক আকার সবচেয়ে বেশি হলেও E এর পারমাণবিক আকার সবচেয়ে কম।
আজকের সৃজনশীল প্রশ্ন (রসায়নবিজ্ঞান)
নিচের উদ্দীপকটি লক্ষ করো ও প্রশ্নগুলোর উত্তর দাও ঃ
নিচের উদ্দীপকটি পড়ো ও প্রশ্নগুলোর উত্তর দাওঃ
রতন 0.965 N ওজনের একটি স্বর্ণের বারের বিশুদ্ধতা পরীক্ষা করতে গিয়ে এটিকে একটি বিকারে রাখা 10-4 m3 পানির মধ্যে ডুবালো। এতে 0.05 N ওজনের পানি বিকার থেকে পড়ে গেল। ঐ মুহূর্তে পানির তাপমাত্রা ছিল 20°C এবং ঐ তাপমাত্রায় পানির আপেক্ষিক
গুরুত্ব = 0.998। রতন হিসেব নিকেষ করে দেখলো তার স্বর্ণের বারটি পুরোপুরি বিশুদ্ধ ।
ক. ঘনত্ব কাকে বলে?
খ. লোহার একটি টুকরা পানিতে ডুবে গেলেও লোহার জাহাজ পানিতে ভাসে কেন?
গ. স্বর্ণের বারটি ডুবানোর পূর্বে বিকারে থাকা পানির ভর কত ছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে নির্ণয় করো।
ঘ. স্বর্ণের বারটির বিশুদ্ধতা নিয়ে রতনের সিদ্ধান্তটি মূল্যায়ন করো।
প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটির সমাধান পাওয়া যাবে www.Srijonshil.com ওয়েবসাইট এবং মঙ্গলবারে দৈনিক ইত্তেফাকে। কিন্তু তোমার জানো, জাতীয়ভাবে নেয়া পরীক্ষাগুলোতে সৃজনশীল প্রশ্ন কখনো কমন পড়বে না। এই ক্ষেত্রে দরকার পর্যাপ্ত অনুশীলন। সুতরাং পরীক্ষায় ভালো করতে হলে এরকম সৃজনশীল প্রশ্নের সমাধান না দেখে নিজেই উত্তর দেয়ার চেষ্টা করো এবং আমাদের দেয়া উত্তরের প্রেক্ষিতে নিজের উত্তরটি যাচাই করো।
তোমাদের মতামত
এই লেসনের ওপর তোমাদের মতামত লিখে পাঠাও নিচের ঠিকানায়
ইমেইল:[email protected]
মোবাইল :01681035797
