এক কিংবা দুই বছর নয় এখন থেকে দীর্ঘ ৪ বছর একই খাদ্যশস্য মজুদ রাখতে পারবে সরকার। বগুড়ার সান্তাহারে এ বিশেষায়িত গুদাম নির্মাণ করা হচ্ছে।
সরকার ও জাপানের ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)’র আর্থিক ও কারিগরি সহায়তায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২৫ হাজার টন ধারণ ক্ষমতার এ খাদ্যগুদাম নির্মাণে ব্যয় হবে ২৬৪ কোটি ৫৬ লাখ টাকা। এরমধ্যে জাইকা দিচ্ছে ২০২ কোটি টাকা। বাকিটা সরকার দিচ্ছে। গুদামে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে সৌর বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে। ২০১৪ সালের জুন মাসে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। গত বৃহস্পতিবার এ বহুতল বিশিষ্ট খাদ্য গুদাম নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী ইত্তেফাককে বলেন, দেশের উদ্বৃত্ত খাদ্যশস্য দীর্ঘ মেয়াদে সংরক্ষণের জন্য এ অত্যাধুনিক বহুতল বিশিষ্ট খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে।
