২০১২তে স্মার্টফোন বিক্রি ৭০০ মিলিয়নেরও বেশি

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ১৯:২৯
২০০৭ থেকেই উত্থান স্মার্টফোনের। তবে এর পাঁচ বছর পরের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। এক কথায় মোবাইল হ্যান্ডসেটের বাজার এখন বিশ্বজুড়েই দখল করে রেখেছে স্মার্টফোন। গেল বছরগুলোর ধারাবাহিকতায় গত বছরেও স্মার্টফোনের বাজার ছিল ঊর্ধ্বমুখী। আর তাতে করে গত বছর বিক্রি হওয়া স্মার্টফোনের মোট সংখ্যা বিশ্বব্যাপী পেরিয়েছে গেছে ৭০০ মিলিয়ন। প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা স্ট্র্যাটেজি অ্যানালাইসিস জানিয়েছে, গত বছরে বিশ্বব্যাপী মোট বিক্রি হওয়া মোবাইল হ্যান্ডসেটের সংখ্যা ছিল প্রায় ১.৬ বিলিয়ন। আর এর প্রায় অর্ধেকেই ছিল স্মার্টফোন। মজার বিষয় হচ্ছে, গত বছরে মোবাইল ফোনের বাজার বৃদ্ধি পেয়েছে সার্বিকভাবে মাত্র ২ শতাংশের কিছু বেশি। তবে শুধু স্মার্টফোনকে বিবেচনায় নিলে, স্মার্টফোনের বাজার বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৩ শতাংশ। স্ট্র্যাটেজি অ্যানালাইসিস জানিয়েছে, গত বছরে স্মার্টফোনের বিশাল বাজারের নেতৃত্ব দিয়েছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং। বিক্রি হওয়া স্মার্টফোনের বাজারের প্রায় এক-তৃতীয়াংশই ছিল তাদের দখলে। আর তাদের পরের অবস্থানেই রয়েছে টেক জায়ান্ট অ্যাপল। স্মার্টফোনের বাজারে তাদের দখল ১৯.৪ শতাংশ। এতে করে দেখা যায়, বিশ্বব্যাপী বিক্রি হওয়া স্মার্টফোনের অর্ধেকেরও বেশি বিক্রি হয়েছে কেবল স্যামসাং আর অ্যাপল’র তৈরি স্মার্টফোন। বাজার পরিস্থিতি সম্পর্কে স্ট্র্যাটেজি অ্যানালাইসিসের লিনডা সুই জানিয়েছেন, ‘২০১২ সালের স্মার্টফোনের মোট বাজারের অর্ধেকই দখল করে রাখে দুইটি মাত্র প্রতিষ্ঠান—অ্যাপল এবং স্যামসাং। বিভিন্ন দেশে এই দুই প্রতিষ্ঠানের শক্ত উপস্থিতি, পণ্যের গুণগত মান এবং পণ্যের ধরণের কারণেই এরা বাজারের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান শক্ত করে রাখতে পেরেছে।’ স্ট্র্যাটেজি অ্যানালাইসিসের প্রতিবেদনে নকিয়ার বর্তমান বাজার সম্পর্কে জানানো হয়, আগের বছরে নকিয়ার বাজার ১৬ শতাংশ থাকলেও এ বছরে এসে নকিয়ার বাজার কমে হয়েছে মাত্র ৫ শতাংশ। স্ট্র্যাটেজি অ্যানালাইসিসের মতো মোবাইল ফোন এবং স্মার্টফোনে ২০১২ সালে সার্বিক বাজার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান এবিআই রিসার্চ। তাদের হিসেবে অবশ্য স্মার্টফোনের মোট বিক্রি ছিল ৬৫৩ মিলিয়ন। তাতে করেও মোট বিক্রি হওয়া মোবাইল হ্যান্ডসেটের ৪০ শতাংশ ছিল স্মার্টফোন। এবিআই-এর হিসেবে স্মার্টফোনের বাজারের ৩১ শতাংশ ছিল স্যামসাংয়ের দখলে আর অ্যাপল’র দখলে ছিল ২১ শতাংশ বাজার। শতাংশের হিসেবে কম-বেশি যাই হোক না কেন, শেষ পর্যন্ত স্যামসাং আর অ্যাপলই রাজত্ব চালিয়ে যাচ্ছে স্মার্টফোনের বাজারে।