হবিগঞ্জ-১ আসন

ঐক্যফ্রন্টের মনোনয়নপত্র সংগ্রহ করলেন রেজা কিবরিয়া

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২১:৫৫

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। রবিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিস থেকে ড. রেজা কিবরিয়ার পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন তার চাচাতো ভাই শাহ গোলাম মোর্শেদ।

ড. রেজা কিবরিয়া নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তবে এখনও ঠিক করেননি কখন তিনি তা জমা দেবেন। এদিকে ড. রেজা কিবরিয়ার মনোনয়নপত্র সংগ্রহের খবরে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার উন্নয়নে শাহ এএমএস কিবরিয়ার অবদানের কথা স্মরণ করে তার প্রতিদান দেয়ার কথা বলছেন। তাদের মতে দল নয়, বাবার কারণেই ড. রেজা কিবরিয়াকে বেশি মূল্যায়ন করবে এ এলাকার মানুষ।