সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
ফতুল্লায় লাশ উদ্ধার নারায়ণগঞ্জ প্রতিনিধি \ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মৃতের নাম হারাধন (৫৫)। ফতুল্লায় খান সাহেব ওসমান আলী ৩নং জাতীয় স্টেডিয়ামের সামনের ময়লা স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার এস আই নাজমুল হুদা জানান, নিহত হারাধনের বাবার নাম হরেন্দ্র নাথ দে। হারাধন শহরের বঙ্গবন্ধু সড়কে ডিআইটি বাণিজ্যিক এলাকায় বর্ষণ সুপার মার্কেটের সামনে চায়ের দোকান চালাতো। গত ১ বছর ধরে সে পরিবারের সঙ্গে বিচ্ছিন্ন। সবশেষ গত ১৮ জানুয়ারি শহরের মিনা বাজার এলাকায় মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে এসেছিল হারাধন। এরপর থেকে হারাধনের আর কোন খোঁজ পাওয়া যায়নি। গাইবান্ধায় ১৪ দলের মানববন্ধন গাইবান্ধা প্রতিনিধি \ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও বাচ্চু রাজাকারের ফাঁসির রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে গত বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধায় ডিবি রোডে ১৪ দলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগ নেতা সদরুল কবির আঙ্গুর, মোজাম্মেল হক মন্ডল, রনজিত্ বক্সী সূর্য, শাহ সারোয়ার কবীর, জেলা জাসদ নেতা গোলাম মারুফ মনা, এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক মমতাজুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, ছাত্রলীগ নেতা ইউসুফ আলী জোয়ার্দার প্রমুখ। নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি \ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় সিপিবি, যুব ইউনিয়ন এবং ছাত্র ইউনিয়নের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিকালে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, জেলা সিপিবি’র সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক খন্দকার আনিসুর রহমান, আনোয়ার হোসেন, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সিপিবি নেত্রী কোহিনুর বেগম, আব্দুল কাইয়ূম এবং শহর শাখার সভাপতি নিহার সরকার অংকুর প্রমুখ। ধামরাইয়ে আওয়ামী লীগের মানববন্ধন ধামরাই সংবাদদাতা \ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে হাজার হাজার জনতা মানববন্ধন করেছে ধামরাইয়ের ইসলামপুরে। ধামরাই থানা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদের নেতৃত্বে সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে গত বৃহস্পতিবার এ মানববন্ধনে অংশগ্রহণ করে। ধামরাই থানা আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগ সদস্য ও থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক এবং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন (সাকু) এ সময়ে উপস্থিত ছিলেন। গৌরনদীতে ফেন্সিডিলসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গৌরনদী উপজেলার নন্দনপট্টি এলাকা থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানা পুলিশ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য পান্না মৃধাকে (৪০) গ্রেফতার করেছে। গৌরনদী থানার ওসি জানান, গ্রেফতারকৃত পান্না মৃধা গৌরনদীর ফেন্সি সম্রাট ও বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য সদ্য গ্রেফতার হওয়া নান্না মৃধার ভাই। সমপ্রতি পুলিশ নান্নু মৃধাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানোর পরে তার ভাই পান্নু মৃধা ব্যবসার দায়িত্বভার গ্রহণ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গৌরনদী থানার এস আই স্বপন পান্নুর বাড়িতে অভিযান চালিয়ে চার বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে পান্নুকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নাসিরনগর সরকারি বালিকা বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নাসিরনগর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদ্যালয় অনুষ্ঠান শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার বিদ্যালয় পরিদর্শিকা সেতারা বেগম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার বিদ্যালয় সহকারী পরিদর্শক মাহবুবুল আলম, প্রাক্তন সাবরেজিস্ট্রার গোলাম মোস্তফা, সদর ইউপি চেয়ারম্যান মো. রফিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফি উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, প্রধান শিক্ষক আবদুর রহিম, প্রধান শিক্ষক শহীদুল হক, মাওলানা কাজী আতাউর রহমান গিলমান, হাবিবুর রহমান, হাজী আবদুল বাকি, সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া প্রমুখ । বটিয়াঘাটায় মাছ ব্যবসায়ীর টাকা ছিনতাই বটিয়াঘাটা(খুলনা)সংবাদদাতা \ উপজেলার ভাণ্ডারকোট আশ্রায়ন কেন্দ্রের ভিতর গত শুক্রবার রাতে এক মাছ ব্যবসায়ীর ২১ হাজার টাকা ছিনতাই হয়েছে। পুলিশ জানায়, আশ্রায়ন কেন্দ্রের বাসিন্দা শাহাদাত্ মল্লিক (৬০) মাছ বিক্রয় করে ঘরে ফেরার সময় মসজিদের নিকট পৌঁছলে একই গ্রামের একাব্বর সেখ, গোলাম হোসেন, মহব্বত সেখ, মোস্তফা সেখসহ ২/৩ জন তার গলায় থাকা মাফলার দ্বারা ফাঁস দিয়ে ২১ হাজার ৩৫০ টাকা ছিনিয়ে নেয়। চাঁপাইনবাবগঞ্জে ইমারত শ্রমিকদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে গতকাল শনিবার ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা শাখা ১২ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে । সকালে শহরের বাতেনখাঁর মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। সংগঠনের জেলা সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, এর প্রধান উপদেষ্টা শহীদুল হুদা অলক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, নাইমুল হক, কেতাব আলী, মজিবুর রহমান ভিখু, মনিরুল ইসলাম প্রমুখ। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। লালপুরে ইটভাটা শ্রমিকের মৃত্যু লালপুর (নাটোর) সংবাদদাতা \ শনিবার সকালে নাটোরের লালপুর উপজেলার চামটিয়া গ্রামে ইয়াছিন আলীর ইটভাটায় জমা করে রাখা মাটি টানতে গিয়ে মহর আলী (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে উপজেলার জোতদৈবকী গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, মোহর আলী সকাল ৮টার দিকে ইট তৈরির জন্য জমা করে রাখা মাটির স্তূপের নিচের দিক থেকে মাটি কাটার সময় উপর থেকে মাটি ধসে পড়লে সে মটির নিচে চাপা পড়ে। হোসেনপুরে সাহিত্য পরিষদের আলোচনা সভা হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জ আঞ্চলিক ছড়া সম্মেলন উপলক্ষে হোসেনপুর সাহিত্য পরিষদের উদ্যোগে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে সাপ্তাহিক হোসেনপুর বার্তা পত্রিকার সম্পাদক ও সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হোসেনপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক, প্রবীণ সাংবাদিক এমএ মতিন মাস্টার,কবি কবিরুল ইসলাম, ছড়াকার শাহ আলম বিল্লাল, কবি সাদেক হোসেন, আলফিনা আক্তার প্রমুখ। কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল শনিবার পিরোজপুরের কাউখালীতে মহিলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামন পল্টন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসী, যুব উন্নয়ন কর্মকর্তা আল আমীন বাকলাই, সামজসেবা কর্মকর্তা কাজী গোলাম কবীর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন, সাংবাদিক মোঃ কামরুজ্জামান খান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহানূর বেগম। কুমারখালিতে শীতকালীন কবিতা উত্সব কুমারখালি সংবাদদাতা \ কুষ্টিয়ার কুমারখালিতে প্রথম শীতকালীন কবিতা উত্সব যেনো কবি মেলায় পরিণত হয়। অংশগ্রহণ করেন দেশের অতি পরিচিত ও আঞ্চলিক কবিবৃন্দ। শুক্রবার সকালে কুমারখালির আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম চত্বরে শোভাযাত্রার মধ্যদিয়ে উত্সব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দেশবরেণ্য কবি মুহম্মদ নূরুল হুদা। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্সব স্থলে এসে সমবেত হয়। এখানে কবি শেখ রবিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কবি মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমারখালি পৌরসভার মেয়র মোঃ সামছুজ্জামান অরুন, কবি ফাহিম ফিরোজ, কবি সোহেল আমিন বাবু। সৃষ্টি সাধন ও লোকশব্দের যৌথ আয়োজনে শীতকালীন কবিতা উত্সবের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় উপস্থিত কবিদের স্বরচিত কবিতা পাঠ।