কুষ্টিয়া দৌলতপুরে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে পাশবিক নির্যাতনের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর জহুরাগঞ্জ এলাকায় একটি ইট ভাটার পুকুরে লাশ ফেলে দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরণ করেছে। শিশুটি দিঘলকান্দি গ্রামের দিনমজুর হাসেম আলীর কন্যা।
উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শুক্রবার বেলা ৩টার দিকে বড়গাংদিয়া জহুরাগঞ্জ এলাকায় নুরুজ্জামান হাবলু মোল্লার ইট ভাটায় ২/৩ জন দুর্বৃত্ত কৌশলে ডেকে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে শিশুটির উপর পাশবিক নির্যাতন করে। শিশুটি চিত্কার দিলে লম্পটরা তাকে শ্বাসরোধে হত্যা করে ঐ ইটভাটার পুকুরে ফেলে দেয়। বেলা ৪টার দিকে ইটভাটার কর্মরত শ্রমিকরা লাশটি পুকুরে ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুর মা নাজেরা খাতুন ঐ ইটভাটায় শ্রমিকের কাজ করার কারণে হাসি প্রায় তার মায়ের কাছে আসত বলে স্থানীয়রা জানিয়েছে। দৌলতপুর থানার ওসি জাহির হোসেন জানান, এ ঘটনায় শিশুটির মা নাজেরা খাতুন বাদি হয়ে থানায় মামলা করেছে। তবে, এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
