কামরাঙ্গীরচরে গ্যাস সংকট

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:৩২
ঢাকার কামরাঙ্গীরচর সুলতানগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে তীব্র গ্যাস সংকটের কারণে সাড়ে পাঁচ লক্ষাধিক বাসিন্দাকে বছর জুড়েই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল সাড়ে ৩টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত গ্যাস থাকে না। শীত মৌসুমে শীতের দাপট বেড়ে গেলে সারাদিন গ্যাস থাকে না। বর্তমানে সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস একেবারেই থাকছে না। এ অবস্থায় দিনের বেলায় রান্না করা সম্ভব হচ্ছে না। ফলে বিকল্প ব্যবস্থায় রান্না করতে হচ্ছে নতুবা শুকনো খাবার অথবা হোটেলের খাবার কিনে খেতে হচ্ছে। রাত ১১টার পর গ্যাসের প্রবাহ স্বাভাবিক হলে অধিকাংশ পরিবার রাত জেগে পরের দিনের জন্য অগ্রিম রান্না করে ফ্রিজে রেখে দিচ্ছেন । কিন্তু যাদের ফ্রিজ নেই তাদের পচা-বাসি খাবার খেতে হচ্ছে। গৃহিণীদের অভিযোগ, রান্নার সময় গ্যাস থাকে না অথচ মাস শেষে বিল ঠিকই দিতে হচ্ছে। জানা যায়, চরের ৬০ ভাগ বাসিন্দা ভাড়াটিয়া। অধিকাংশ বাড়িতে ৫ থেকে সর্বোচ্চ ৫০টি করে ভাড়াটিয়া পরিবার থাকেন। স্বাভাবিক গ্যাস থাকাবস্থায় তাদেরকে লাইনে দাঁড়িয়ে পালাক্রমে রান্না করতে হচ্ছে। কিন্তু পাইপ লাইনে গ্যাসের প্রবাহ যখন কম থাকে, তখন তাদের কষ্টের সীমা থাকছে না। বর্তমানে চর এলাকায় ৮ সহস্রাধিক আবাসিক গ্রাহক, ১৬৫ বাণিজ্যিক গ্রাহক ও ৮টি শিল্প গ্রাহক রয়েছে। প্রায় তিন বছর আগে হাজারীবাগস্থ ডিআরএস থেকে চরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৮ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপ লাইনের সম্প্রসারণ করায় সেখানে গ্যাসের সংকট নেই। এলাকার কয়েকটি শিল্প-কারখানায় প্রতিদিন প্রচুর পরিমাণে গ্যাস ব্যবহূত হওয়ায় ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তথা রহমতবাগ, কুমিল্লাপাড়া, নিজামবাগ, নূরবাগ, কয়লাঘাট, মুসলিমবাগ, করিমাবাদ, ছাতা মসজিদ এলাকা, মাদবর বাজার, মমিনবাগ, ইসলামনগর, আচারওয়ালার ঘাট, হুজুরপাড়া, মাদ্রাসাপাড়া, খোলামোড়া ঘাট এলাকা, নবীনগর, আলীনগর, বড় গ্রাম ও মুন্সীহাটি এলাকায় তীব্র গ্যাসের সংকট বিরাজ করছে প্রায় ৭ বছর। শিল্প-কারখানাগুলো রাতের বেলায় যখন বন্ধ হয়, তখন পাইপ লাইনে গ্যাসের প্রবাহ স্বাভাবিক হয়ে ওঠে। গ্যাস সংকটকবলিত উল্লিখিত ৬টি ওয়ার্ডে ৮ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপ স্থাপন করা হলে গ্যাসের সংকট থাকবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আশু ব্যবস্থা নিতে বিনীত আবেদন জানাচ্ছি। ইলিয়াছ আহমদ বাবুল, রহমতবাগ, কামরাঙ্গীরচর, ঢাকা