যশোরের ৪০টি সরকারি অফিসে বুধবার থেকে চালু হয়েছে অনলাইন নাগরিক সেবা প্রদান কার্যক্রম। ফলে এখন আর জেলা প্রশাসকের কার্যালয় কিংবা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ থাকছে না ই-সেবার কার্যক্রম। এখন থেকে ঘরে বসেই সরকারি বিভিন্ন দপ্তরের নাগরিক সেবা পাবে সাধারণ মানুষ। এর মাধ্যমে ডিজিটাল যশোর পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে।
ই-তথ্য সেবা কার্যক্রম শুরুর বিষয়ে গত মঙ্গলবার ডিজিটাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব ও এটুআই প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম খান।
একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় ২০১০ সালে জেলার ৯১টি ইউনিয়নে চালু করে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে ২০১১ সালে জেলা ই-সেবা কেন্দ্র চালু করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরকে ডিজিটাল জেলা ঘোষণা করেন।
