ব্রুনাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশসহ বন্ধুপ্রতিম দেশের শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে ব্রুনাই সরকার। দক্ষিণ-পূর্ব এশিয়ার তেলসমৃদ্ধ দেশটির খ্যাতনামা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম (ইউবিডি), কারিগরি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট টেকনোলোজি ব্রুনাই (আইটিবি) ও সুলতান শরীফ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক, হায়ার ডিপ্লোমা, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সের জন্য বৃত্তি দেয়া হবে। উল্লেখ্য, বিশ্বের খ্যাতনামা অধ্যাপকদের তত্ত্বাবধানে ইংরেজি মাধ্যমে ব্রুনাইয়ে উচ্চশিক্ষা প্রদান করা হয়ে থাকে। বৃত্তির আওতায় মাসিক বৃত্তি ব্রুনাই ডলার ৫০০ (৩২,৫০০ টাকা), মাসিক খাবার খরচ ব্রুনাই ডলার ১৫০ ( ১০,০০০ টাকা) ও বাত্সরিক বই-পুস্তক ক্রয় বাবদ প্রায় ৪০,০০০ টাকা এবং কোর্স শেষে ৩২,৫০০ টাকার ব্যাগেজ ভাতা প্রদান করা হয়। এছাড়াও আবাসিক হলে বিনামূল্যে বাসস্থান ছাড়াও টিউশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি এর পূর্ণ অব্যাহতি রয়েছে। ব্রুনাইয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রকৌশল অনুষদের মধ্যে সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি, ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া, ডিজিটাল মিডিয়াতে পড়াশোনার সুযোগ রয়েছে। বিজ্ঞান অনুষদে এনার্জি স্টাডিজ, বায়োডাইভারসিটি, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, পদার্থ বিজ্ঞান, বায়োমেডিক্যাল সায়েন্স, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় পড়াশোনা করা যাবে। বিজনেস অনুষদে ফিনান্স অ্যান্ড ই-কমার্স, ই-মার্কেটিং, এমবিএ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে নৃ-বিজ্ঞান, ইংরেজি, পরিবেশ, প্রফেশনাল কমিউনিকেশন ও মিডিয়া এবং অর্থনীতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে শরীয়াহ্, উসুলুদীন, ইসলামী ব্যাংকিং অ্যান্ড ফিনান্স, আইন, ফিকাহ্ ইত্যাদি বিষয় নিয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে। ব্রুনাই সরকারের বৃত্তির জন্য আবেদনকারীকে শিক্ষা মন্ত্রণালয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন দাখিল করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.moedu.gov.bd এবং ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.mofat.gov.bn/index.php/bd-scholarship-2013-2014 দেখা যেতে পারে।-প্রেস বিজ্ঞপ্তি
