ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের বিশেষ দূত (শিক্ষা) গর্ডন ব্রাউন বলেছেন, বিশ্বে উন্নত শিক্ষার জন্য লড়াইয়ে শিশুদের অণুপ্রেরণা হিসাবে কাজ করছেন পাকিস্তানের সাহসী কন্যা মালালা ইউসুফজাই। খবর এনডিটিভি’র।
শুক্রবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের আলোচনা সভায় ব্রাউন ১৫ বছর বয়সী মালালার প্রতি সম্মান জানিয়ে এ কথা বলেন। গত বছর তালেবানদের হাতে গুলিবিদ্ধ হন মালালা। ব্রাউন
বলেন, পাকিস্তানে মালালা গুলিবিদ্ধ হওয়ার পর পাকিস্তানের মেয়েরা রাস্তায় নেমে তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করার প্রতিবাদ জানায়। আলোচনা সভা উদ্বোধনকালে ব্রাউন বলেন, বৈশ্বিক ও উন্নয়ন এজেন্ডার শীর্ষ অগ্রাধিকারে থাকবে শিক্ষা। এটি কোনো পছন্দ নয় বরং বাধ্যবাধকতা।
জাতিসংঘের শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত ডেনমার্কের প্রধানমন্ত্রী হেলে থর্নিং-স্মিত বলেন, মালালার উদাহরণ বিশ্বের ‘অসহায় দেশগুলোকে’ সহায়তার ব্যাপারে আন্তর্জাতিক সমপ্রদায়কে উত্সাহিত করেছে। তার বীরত্বের গল্প আমাদের সবাইকে এমনকি আমার মেয়েদেরকেও উত্সাহিত করছে শিক্ষার জন্য কিছু করার। তিনি উন্নত শিক্ষার জন্য সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশ্বের রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা ওই আলোচনা সভ?ায় অংশ নেন।
২০১৫ সালের মধ্যে আরও ৬ কোটি ১০ লাখ শিশুকে স্কুলে নিয়ে যাওয়ার কর্মসূচির নেতৃত্ব দিতে গত জুলাই মাসে গর্ডন ব্রাউনকে বিশেষ দূত (শিক্ষা) নিয়োগ দেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন। গত বছর অক্টোবরে স্কুল থেকে বাসায় ফেরার পথে মালালাকে গুলি করে তালেবান।
