ডায়ানার কৈশোরের ছবি ১৮ হাজার ডলারে বিক্রি

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২২:৩২
যুক্তরাজ্যের প্রয়াত রাজবধূ ডায়ানার অপ্রকাশিত একটি ছবি ১৮ হাজার ৩০৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। লন্ডনের একটি ট্যাবলয়েড পত্রিকা ডায়ানার ছবিটি ছাপার যোগ্য নয় বলে মনে করেছিল। শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি নিলাম সংস্থা একথা জানিয়েছে। খবর এএফপির। ১৯৮০’র দশকের সাদা-কাল ছবিটি ভোর বেলায় তোলা। এতে হাস্যময়ী ডায়ানাকে এক তরুণের সঙ্গে দেখা যায়। তরুণটি বই পড়ছিলেন। তরুণের পরিচয় জানা যায়নি। তারা সম্ভবত অবকাশ যাপনের একটি বাড়িতে অবস্থান করছিলেন। প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বিয়ে হওয়ার আগে ছবিটি তোলা হয়। ছবিতে গ্রিস পেন্সিলে ‘ছাপার যোগ্য নয়’ লেখা রয়েছে। ওই সময়ের পত্রিকার ছবি-সম্পাদকরা এ ধরনের পেন্সিল ব্যবহার করতেন। ছবিটির পিছনে তারিখ লেখা- ১৯৮১ সালের ২৬ ফেব্রুয়ারিতে এটি তোলা হয়। এর দুইদিন পর বাকিংহাম প্রাসাদ ব্রিটেনের প্রিন্স চার্লসের বাগদান ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের আমহার্স্টের আরআর অকশনস জানিয়েছে, ছবিটি বেসরকারি প্রতিষ্ঠান ক্যারেন আরকাইভের কাছ থেকে সংগ্রহ করা হয়। সাত বছর আগে প্রতিষ্ঠানটি ব্রিটেনের ডেইলি মিরর পত্রিকার ফটো লাইব্রেরি ক্রয় করে। আরআর অকশনস বিক্রয়টি তদারক করেছে। তারা ক্রেতার পরিচয় জানতে পারেনি। ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, ছবির ওই তরুণটি হচ্ছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী স্ট্যানলি বল্ডউইনের প্রপৌত্র অ্যাডাম রাসেল। ইন্টারনেটে বেশ কয়েকটি দুর্লভ সামগ্রীর পাশাপাশি এই ছবিটির নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অ্যালবার্ট আইনস্টাইনের স্বাক্ষর সম্বলিত একটি প্রতিকৃতিও বিক্রি হয়। ডায়ানা ১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় নিহত হন। চার্লসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের এক বছর পর এই দুর্ঘটনা ঘটে। এ সময় তার বয়স হয়েছিল ৩৬ বছর।