সংসদের শীতকালীন অধিবেশন বসছে আজ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২২:৩৪
নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন এবং নতুন বছরের প্রথম শীতকালীন অধিবেশন আজ রবিবার শুরু হচ্ছে। মহাজোট সরকারের শেষ বছরের প্রথম এ অধিবেশন বিকাল সাড়ে ৩টায় শুরু হবে। এর আগে দুপুর আড়াইটায় সংসদীয় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। টানা সংসদ বর্জনে থাকা বিএনপি এবং শরিক দলগুলো এবারের অধিবেশনে প্রথম দিনে যোগ দিচ্ছে না বলে জানা গেছে। তবে এই অধিবেশনের মেয়াদ ৪১ কার্যদিবস হলে সদস্য পদ রক্ষার জন্য অধিবেশনে যোগ দিতে বাধ্য হবে বিরোধী দল। রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অুনযায়ী গত ৭ জানুয়ারি ১৬তম অধিবেশন আহ্বান করেন। শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংসদে ভাষণ দিবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে এবং ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদ সদস্যরা আলোচনা করবেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশ পরিচালনার দায়িত্ব নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। ওই বছরের ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন আগামী বছরের জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে মহাজোট সরকারের শেষ বছরের প্রথম অধিবেশনটি নিয়ে আলাদা এক আমেজ তৈরি হয়েছে। এদিকে প্রধান বিরোধী দল আজ অধিবেশনে যোগ দিচ্ছে না বলে জানা গেছে। গত বছরের ১৮ মার্চ শেষবার পার্লামেন্ট অধিবেশনে যোগ দিয়েছিলো বিএনপি। অনেকের মতে, ‘সংসদ সদস্য পদ রক্ষা করতে’ তারা পার্লামেন্টে গিয়েছিলেন। কারণ এর আগে তাদের টানা অনুপস্থিতি ছিলো ৮৩ কার্যদিবস। কার্যপ্রণালী বিধি অনুযায়ী টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সংসদ সদস্যপদ শূন্য হয়ে যায়। এরপর ১৩, ১৪, ১৫তম অধিবেশনের পুরোটাই বিএনপি ও শরিক দলগুলো বর্জন করে। ওই অধিবেশনগুলোতে মোট কার্যদিবস ছিলো ৪৯। ফলে আজ থেকে শুরু হওয়া অধিবেশনের মেয়াদের ওপর নির্ভর করছে সদস্য পদ রক্ষার প্রয়োজনে এই অধিবেশনে বিরোধী দল যোগ দিতে বাধ্য হবে কী না। এই অধিবেশনের মেয়াদ ৪১ কার্যদিবস হলেই সদস্য পদ রক্ষায় সংসদে যোগ দেয়া ছাড়া বিরোধী দলের কোনো উপায় থাকবে না। গত চার বছরে বিএনপি মোট ২৮২ কার্যদিবস অনুপস্থিত থেকে সংসদের ইতিহাসে অনুপস্থিতির রেকর্ড গড়েছে।