যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত শুত্রবার পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (স.) এর পবিত্র আগমন ও ওফাত দিবসটি উত্সাহ- উদ্দীপনা ও তাঁর জীবনী আলোচনার মধ্য দিয়ে পালন করেছে বাংলাদেশেসহ মুসলিম বিশ্ব। আলোচনা অনুষ্ঠান, ইবাদত বন্দেগী, দোয়া দরুদ ও ওয়াজ মাহফিলের মাধ্যমে মুহাম্মদ (স.) কে স্মরণ করেছে উম্মতে মোহাম্মাদী। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী পৃথক বাণী দেন। এ উপলক্ষে সংবাদপত্রে বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে, বিটিভি ও বাংলাদেশ বেতারসহ ইলেক্ট্রনিক মিডিয়া বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করেছে। সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানসহ দৈনিক পত্রিকাসমূহে ছুটি পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে। এ উপলক্ষে রাজধানীর সড়কগুলো জাতীয় পতাকা, আল্লাহু আকবর ও কলেমাখচিত ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পক্ষকালব্যাপী অনুষ্ঠান শুরু করেছে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল বের করা হয় এবং তা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন সকাল থেকে রাজধানীর শাজাহানপুর রেলওয়ে ময়দানে এ উপলক্ষে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করে। বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
