আজ রবিবার বিশ্ব কুষ্ঠ দিবস। দেশে ৩৫ হাজার মানুষ কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন-যাপন করছে। অথচ সরকার দেশে বিনামূল্যে কুষ্ঠ রোগীদের ওষুধ ও চিকিত্সা সেবা দিচ্ছে। অজ্ঞতা ও কুসংস্কারের কারণে অনেকেই আক্রান্ত হওয়ার পরও চিকিত্সা কেন্দ্রে যেতে চায় না। এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য।
গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে দি লেপ্রোসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, কুষ্ঠ জীবাণুঘটিত রোগ। এই রোগের টিকা এখনো আবিষ্কৃত হয়নি। কুষ্ঠ রোগ চিকিত্সায় সম্পূর্ণ ভালো হয়। এই চিকিত্সা সরকারি হাসপাতাল ও এনজিও দ্বারা পরিচালিত কুষ্ঠ ক্লিনিকে বিনামূল্যে প্রদান করা হয়। এটি অভিশাপের ফল নয়। এজন্য গণসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬টি এবং তিন পার্বত্য জেলায় ২৫টি ক্লিনিকে লেপ্রোসী মিশনের উদ্যোগে কুষ্ঠ রোগের যাবতীয় চিকিত্সা দেয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘দি লেপ্রোসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ’র প্রোগ্রাম লিডার জন অর্পন সমাদ্দার, কুষ্ঠ পুনর্বাসন বিষয়ক ব্যবস্থাপক রাজেশ রতন মলি¬ক, কুষ্ঠ নিয়ন্ত্রণ পরিদর্শক বিশ্বনাথ ধর প্রমুখ।
