ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বেইলী রোডস্থ প্রতিষ্ঠানের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম, গভর্নিং বডির সদস্য তহমিনা বেগম, মোশাররফ হোসেন, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বেগম মতিয়া চৌধুরী বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছে। এ কারণে এ প্রতিষ্ঠানটি এগিয়ে আছে। তিনি শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখার পরামর্শ দেন। তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।
ভর্তি পরীক্ষার চাপ থেকে শিশুদের বাঁচাতে স্কুলগুলোতে লটারি পদ্ধতি চালু করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, ভর্তির আগে শিক্ষার্থীদের কোচিং করানো হয়। এতে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতো। এ বিষয়টি বিবেচনায় এনে ভর্তিতে পরীক্ষা পদ্ধতি বাতিল করে লটারি পদ্ধতি চালু করা হয়েছে। এটি একটি প্রশংসনীয় ও ভাল উদ্যোগ।
ধানমন্ডি শাখার ভবন নিয়ে অভিভাবকরা নানা সমস্যার কথা তুলে ধরলে কৃষিমন্ত্রী অভিভাবকদের আশ্বাস দিয়ে বলেন, ধানমন্ডি শাখার জন্য একটি ভালো জমি খোঁজা হবে। মূল শাখার মতোই প্রশস্ত জমিতে এ প্রতিষ্ঠানটির জন্য ভবন তৈরিতে আমি সার্বিক সহযোগিতা করবো।
মন্ত্রী বলেন, এ প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের বিশেষ ভূমিকা রয়েছে। সবার সম্মিলিত প্রয়াসে এ প্রতিষ্ঠানটি আজ ভালো অবস্থানে চলে এসেছে বলে তিনি মত দেন। মন্ত্রী বলেন, দেশের মানুষকে নিরক্ষর না রেখে শিক্ষার সুযোগ করে দেয়া এ সরকারের লক্ষ্য। এ লক্ষ্যেই সরকার কাজ করছে।
অনুষ্ঠানে মূল ক্যাম্পাসসহ ৩ টি শাখার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিল। পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মুনমুন আহমেদ ও সুজিদ মোস্তফার নির্দেশনায় গীতিনাট্য দিন বদলের গান পরিবেশ করে স্কুলের শিক্ষার্থীরা। এই নৃত্যে অংশ নেয় মৌমিতা বোস (সেজুতি), সৃষ্টি সাহা, অদিতি সরকার, ইফতি, রুমি, কথা, অঙ্কিতা, রাফা, সুস্মিতাসহ আরো অনেকে।
