তত্ত্বাবধায়ক সরকার দিতে হলে শেখ হাসিনার ২ বছর ফিরিয়ে দিতে হবে। সংবিধান সংশোধন হয়ে গেছে। বিশ্বের সব দেশের মত বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে। গত শুক্রবার তাড়াশে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের কেন্দ ীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে আরও বক্তব্য রাখেন , মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি, কেন্দ ীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, পেট্রো বাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর, সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার, জুনায়েদ আহম্মেদ পলক এমপি, সাবেক অর্থপ্রতিমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সি, আমেরিকা প্রবাসী ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ড. মহসিন আলী খান, উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ম.ম.আমজাদ হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিএসসি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় হওয়ার পর বিএনপি নিরব। ওরা একাত্তরের ঘাতকদের সমর্থন করে। এ কারণেই তারা যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ হয়েছে। দেশে ও বিদেশের লক্ষ লক্ষ জনতা এ বিচারকে স্বাগত জানিয়েছে। একমাত্র খালেদা জিয়া এ বিচার মেনে নিতে পারছেন না। মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এ বিচার সমর্থন করেছে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখেই যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে মত্স্য ও প্রাণী সম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, জুজুর ভয় দেখিয়ে লাভ হবে না। আওয়ামী লীগের জন্ম সেনা ছাউনি নয়, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে। আওয়ামী লীগকে পরাজিত করার মত শক্তি বাংলাদেশে নেই। তাই এখন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যখন সেনাবাহিনীকে সু-সজ্জিত করছে, তখন তিনি তা সহ্য করতে পারছেন না।
কাপাসিয়া সংবাদদাতা জানান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোন নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি গতকাল শনিবার গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খানের সভাপতিত্বে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, জাহানারা বেগম এমপি, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোমতাজ উদ্দীন আহমদ মেহেদী, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট আমানত হোসেন খান প্রমুখ।
