চার মার্কিন কংগ্রেসম্যান দুই দিনের সফরে ঢাকায়

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২২:৫২
যুক্তরাষ্ট্রের চারজন কংগ্রেসম্যান দুই দিনের সফরে গতকাল শনিবার ঢাকা এসেছেন। কংগ্রেসম্যান জ্যাক কিংস্টনের (জর্জিয়া) নেতৃত্বে প্রতিনিধিদলের অপর তিন সদস্য হলেন- কংগ্রেসম্যান এড হুইটফিল্ড (কেন্টাকি), কংগ্রেসম্যান স্কট টিপটন (কলরেডো) ও কংগ্রেসম্যান এডাম সিফ (ক্যালিফোর্নিয়া)। সফরকালে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাত্ করবেন। পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেস প্রতিনিধি দলের সম্মানে আজ মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করবেন। প্রতিনিধি দল কয়েকটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন। মার্কিন কংগ্রেসনাল প্রতিনিধিদলের ঢাকা সফরের প্রাক্কালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের প্রতিনিধি দলের সদস্যদের সাথে পৃথকভাবে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে রাষ্ট্রদূত কাদের মার্কিন বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্য সম্ভাবনা ধরে রাখার জন্য জিএসপি সুবিধা অব্যাহত রাখার গুরুত্বের উপর প্রস্তুতকৃত একটি ডকুমেন্ট কংগ্রেসম্যানদের হস্তান্তর করেন। মার্কিন ১২ জন কংগ্রেসম্যানের স্বাক্ষরে মার্কিন ট্রেড প্রতিনিধির কাছে বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহারের সুপারিশের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত কাদের উক্ত ডকুমেন্টটি প্রস্তুত করেন। মার্কিন কংগ্রেসম্যানগণ আশা প্রকাশ করেন, বাংলাদেশ সফর বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস ফ্যাক্টরী পরিদর্শনের সুযোগ তাদেরকে বাংলাদেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে। এই অভিজ্ঞতা মার্কিন প্রশাসনকে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে তাদের মতামত প্রদানে সহায়তা করবে। কংগ্রেসম্যানগণ ঢাকা সফরের প্রাক্কালে গুরুত্বপূর্ণ ব্রীফ এবং ডকুমেন্ট হস্তান্তরের জন্য রাষ্ট্রদূত কাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।