৬ লাখ টাকায় জাল পাসপোর্ট ভিসা!

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২২:৫৩
ছয় লাখ টাকা দিয়েও ইতালি যাওয়ার স্বপ্ন পূরণ হলো না সিলেটের কানাইঘাটের বাসিন্দা রুবেলের। হোসেন নামে এক দালাল জাল পাসপোর্ট ও ভিসার মাধ্যমে তাকে বিদেশে পাঠাতে চেয়েছিল। রুবেল জানতো না যে, তার পাসপোর্ট ও ভিসা নকল। গতকাল শনিবার ইতালি যাওয়ার চেষ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন রুবেলকে (২১) আটক করে। এপিবিএনের এএসপি এহতেশাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুবেলকে আটক করে তার কাছ থেকে জাল এমআর পাসপোর্ট, ভিসা ও বিএমইটি কার্ড উদ্ধার করা হয়। আটক রুবেল জেট এয়ার ওয়েজের ফ্লাইটে দিল্লি হয়ে ইতালি যাওয়ার জন্য বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে আসে। রুবেলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছে বিমানবন্দর আর্মড পুলিশ । এর আগে গত শুক্রবার জাল ভিসা ও পাসপোর্টে বিদেশ গমনের প্রাক্কালে চার জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার মো. হোসেল হোসেন (৩৩), টাঙ্গাইল জেলার বিপ্লব খান (৩৮), নরসিংদী জেলার সেন্টু মিয়া (২৬) ও আসাদ মিয়া। এদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।