বাসে তরুণী ধর্ষণের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২২:৫৪
চলন্ত বাসে তরুণী ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন গতকাল শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সকাল থেকেই স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, গণসংহতি আন্দোলন, জাসদ, কর্মজীবী নারীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন। এদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অভিযুক্তদের শাস্তির দাবিতে শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল করে। ধর্ষক বাসের হেলপার কাশেম ও চালক দিপু মিয়ার ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শুভযাত্রা পরিবহনের মালিক ও শ্রমিকরা। এ সময় তারা প্রতিবাদস্বরূপ সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৫ ঘন্টা শুভযাত্রা বাস চলাচল বন্ধ রাখে। এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে শুভযাত্রা বাসে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের কথা স্বীকার করায় মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. মুজাহিদ-উল ইসলাম অভিযুক্ত বাস চালক দিপু মিয়া (৩০) ও হেলপার আবুল কাশেমকে (২৮) গত শুক্রবার জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।