অ্যানোনিমাসের কবলে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ১৯:৩৪
একের পর এক ওয়েবসাইটে হামলা চালিয়ে গত বছর এবং তার আগের বছর প্রযুক্তি বিশ্বের স্পটলাইটটা নিজেদের দিকেই টেনে রেখেছিল হ্যাকার দল অ্যানোনিমাস। চলতি বছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে তাদের কার্যক্রমে। যুক্তরাষ্ট্রের একটি সরকারি ওয়েবসাইটে এবারে তারা হামলা চালিয়েছে। অ্যারন সোয়ার্জের মৃত্যুর প্রতিবাদেই তাদের এই আক্রমণ—এমনটিই জানিয়েছে তারা। ইউনাইটেড স্টেট সেনটেন্সিং কমিশনের ওয়েবসাইটটি দখল করে নিয়েছে অ্যানোনিমাস। আর সাইটের দখল নেওয়ার পর তারা সাইটে একটি ভিডিও সংযুক্ত করে। এই ভিডিওতেই তারা এই সাইটে আক্রমণের বিষয়ে নিজেদের দায় স্বীকার করে নেয় এবং এই হামলার কারণ হিসেবে অ্যারন সোয়ার্জের মৃত্যুর বিষয়টি উল্লেখ করে। তাদের এই বক্তব্যে বলা হয়, ‘ঠিক দুই সপ্তাহ আগে একটি সীমারেখা লঙ্ঘন করা হয়। আজ থেকে দুই সপ্তাহ আগে অ্যারন সোয়ার্জকে মৃত্যুবরণ করতে হয়। তাকে মৃত্যুবরণ করতে হয় কারণ তাকে অসম্ভব একটি সুযোগ বেছে নিতে বলা হয়েছিল। তাকে মৃত্যুবরণ করতে হয় কারণ তাকে এমন একটি খেলায় অংশ নিতে বাধ্য করা হয়েছে, যে খেলায় তার জয়ের কোনো সম্ভাবনাই ছিল না।’ চলতি বছরের শুরুতেই মূলত প্রযুক্তি বিশ্বের জন্য বড় একটি আঘাত হিসেবেই আসে অ্যারন সোয়ার্জের মৃত্যুর খবরটি। প্রাথমিকভাবে অ্যারন আত্মহত্যা করেছে বলেই ধারণা করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে প্রযুক্তি বিশ্বের সকলেরই। বিষয়টি নিয়ে মামলাও দায়ের করা হয়েছে এবং আগামী মাসে বিচার কাজ শুরু হউয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে আরন সোয়ার্জের মৃত্যুকে আত্মহত্যা মনে করা হলেও হ্যাকিং এবং অনলাইন পাইরেসি সংক্রান্ত নীতিমালার চাপে পড়েই তাকে এই পথ বেছে নিতে হয় বলেই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের। বিশেষ করে অ্যারন সোয়ার্জ ইন্টারনেট অ্যাক্টিভিস্ট হিসেবে শুরু থেকেই ছিলেন অত্যন্ত সক্রিয়। তার মত সক্রিয় কর্মী মুক্ত ইন্টারনেটের পক্ষেই অবস্থান নিলে যারা ইন্টারনেটকে বন্দি করে রাখতে চান, তাদের উদ্দেশ্য সফল হবে না। এ কারণেই তার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগও উত্থাপন করা হয়।