শিক্ষার্থীদের মাঝে সততা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর গতকাল বৃহস্পতিবার চালু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া সততা স্টোর উদ্বোধন করেন। শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হচ্ছে— গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়। সততা স্টোরে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীরা প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করে তা খাতায় লিপিবদ্ধ করে দাম নির্ধারিত বক্সে রেখে দিবে। সততা স্টোর উদ্বোধনকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজুসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানশিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
