জেলার রামগড়-ফেনী সড়কের ভুজপুর থানাধীন আঁধারমানিক রাস্তার মাথায় গত বুধবার বিকাল সাড়ে ৩টার সময় গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গুইমারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আমীর হোসেন (৪০) নিহত হয়েছেন। নিহত শিক্ষক গুইমারা মেম্বার পাড়া এলাকার কাপড় ব্যবসায়ী সিরাজ মিয়ার ছেলে।
পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, শিক্ষক আমীর হোসেন মোটরসাইকেল যোগে ফেনী থেকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থানাধীন রামগড়-ফেনী সড়কের আঁধারমানিক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোড়ে ধাক্কা লাগলে আমীর হোসেন মারাত্মকভাবে আহত হন। পিছনে থাকা অপর একটি সিএনজিতে তার আত্মীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। রামগড় থানার ওসি (তদন্ত) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
