আগামী নির্বাচনকে ঘিরে দাঙ্গা ছড়িয়ে পড়েছে নেপালে। দেশটির প্রাচীন শহর ভক্তপুরে গত শনিবার প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাইয়ের পদত্যাগ এবং এবছর মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিরোধীদল ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় পাঁচজন আহত হয়। গত একদশক ধরে চলে আসা গৃহযুদ্ধ থেকে দেশটি যখন সরে আসতে শুরু করেছে ঠিক সে মুহূর্তে এ ধরনের উত্তেজনাময় পরিস্থিতি এর শান্তি প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিন সংযুক্ত সমাজতান্ত্রিক দলের (ইউসিপিএন) বার্ষিক সম্মেলন শেষে নেতাদের সঙ্গে নিয়ে আসার সময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পথ রুদ্ধ করে। তারা সরকারবিরোধী শ্লোগান দিতে থাকে। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এর আগে বুধবার প্রাদেশিক শহর দায়লেখে মাওবাদী সম্মেলন স্থলের বাইরে বিরোধীদলের নেতাকর্মীরা পাথর ছুঁড়ে, ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভ প্রদর্শন করার পর শনিবার এ সংঘর্ষের ঘটনা ঘটলো।
কার্যকরভাবে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন একটি সংবিধান চূড়ান্ত করতে ব্যর্থ হলে গত মে মাসে দেশটির পার্লামেন্ট ভেঙ্গে যায়। এরপর প্রধানমন্ত্রী ভট্টরাই গতবছর নভেম্বরে নির্বাচনের ঘোষণা দিলেও তা কার্যকর করতে ব্যর্থ হন তিনি।
এদিকে এই প্রথমবারের মাওবাদী এবং বিরোধীদলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিল। তবে প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের পক্ষ থেকে আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যত শিগগিরই সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা হবে। এদিকে বিরোধীদলগুলো প্রধানমন্ত্রীর পদত্যাগসহ আগামী মে মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার আহ্বান জানিয়েছে।
