লোহাগাড়ায় একই পরিবারে তিন প্রতিবন্ধী

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:২৬
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদের মৌলভীপাড়ার শাহাদাত হোসেন লালু ও ফাতেমা বেগমের ৪ সন্তানের মধ্যে একমাত্র কন্যা তাজিরিয়া (১৫) বাদে ৩ পুত্র আবিদ হোসেন (১৩), মো. খোজাইব (১০) ও মাহফুজ (৭) শারীরিক প্রতিবন্ধী। তাদের জীবনযাপন এতই কষ্টের যে, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। অন্যের সহযোগিতা ছাড়া চলাফেরা ও পায়খানা-প্রশ্রাব করতে পারে না। তাদের পিতা লালু জানান, সন্তান জন্মের ৬ বছর পর থেকে রোগের উপসর্গ দেখা দেয়। অঙ্গ-প্রত্যঙ্গ চিকন হতে থাকে। তাদের মা ফাতেমা বেগম জানান, এ তিন প্রতিবন্ধী সন্তান উঁচু পায়খানা ব্যবহার করতে পারে না। মা কোলে করে খোলা স্থানে নিয়ে যান মলমূত্র ত্যাগের জন্য। পড়ে যাওয়ার ভয়ে ধরে রাখতে হয়। প্রতিবন্ধী আবিদ হোসেন জানায়, বিধাতার এ কেমন বিচার ? তাদের বন্ধুরা যখন খেলাধুলা করে তখন তারা শুধু চেয়ে চেয়ে দেখে। এ তিন প্রতিবন্ধীর জন্য পায়খানা-প্রশ্রাব সুবিধাসমেত হুইল চেয়ার দরকার। আর পরিবারের জন্য দরকার একটি স্বাস্থ্যসম্মত পায়খানা। অন্যদিকে তাদের পিতা লালু পেশায় একজন ট্রাকচালক। সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত একজন লোক তিনি। বাড়ির পাশে একটি মুরগির ফার্মে কাজ করে একরকম জীবনযাপন করছেন। তাদের মা সেলাই কাজে পারদর্শী। প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার ও প্রতিবন্ধী ভাতা এবং তাদের পিতার জন্য মুরগি ফার্ম করার ঋণ সুবিধা এবং মায়ের জন্য একটি সেলাই মেশিন হলে তাদের দুঃখ মোচন হবে।