সারিয়াকান্দির জলমহালে চলছে অবৈধ মাছ শিকার

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:২৭
বগুড়ার সারিয়াকান্দিতে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে যমুনা নদীর জলমহাল থেকে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় বহিরাগতরা অবৈধভাবে মাছ ধরছে। মথুরাপাড়া মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি হোসেন আলী হাওলাদার অভিযোগ করে বলেন, তার সমবায় সমিতির ৭০ জন সদস্য দীর্ঘদিন যাবত্ সরকারের নীতিমালা অনুয়ায়ী কর্নিবাড়ী ইউনিয়নের তালতলা, মুলবাড়ী, নারামালা, মিলনের পাড়া জলমহালে মাছ ধরে জীবিকানির্বাহ করে আসছে। কিন্তু কর্নিবাড়ী ইউপি চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, আওয়ামী লীগ নেতা আনছার আলী মাষ্টারসহ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার ছত্রচ্ছায়ায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গাবেরগাও থেকে জাল ভাড়া করে নিয়ে এসে যমুনা নদীতে অবৈধভাবে মাছ ধরায় স্থানীয় মত্স্যজীবীরা বেকার হয়ে পড়ছে। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। কর্নিবাড়ী ইউপি চেয়ারম্যান আজাহার আলী মন্ডল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, কর্নিবাড়ীতে মত্স্যজীবীদের মধ্যে দু’ভাগে বিভক্ত হয়েছে। যার ফলে একপক্ষ অন্যপক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে । উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান বলেন, কর্নিবাড়ী জলমহালটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মত্স্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে ।