আর কত বয়স হলে ওরা বয়স্কভাতা পাবে?

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩১
মহাদেবপুর উপজেলার দত্তপাড়া আদিবাসী পল্লীর ৪ নারী-পুরুষ ৭০ বছরেও বয়স্ক ভাতা পাননি। বর্তমানে ওরা অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছে। মহাদেবপুর উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে শিবরামপুর দত্তপাড়া ্আদিবাসী পল্লী। এ পল্লীতে গিয়ে দেখা গেছে, অসহায় বৃদ্ধ নিঃসন্তান গোপেশ্বর পাহান, রায়মুনি পাহান, ফগনবালা ও রসমুনী পাহান অভাব-অনটনের মধ্যদিয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। বৃদ্ধবয়সে ওষুধপথ্য দূরে থাক দু’বেলা দু’মুঠো খাবারও জুটছে না তাদের। স্থানীয় আদিবাসীদের ভাষ্যমতে- এদের কারো বয়সই ৭০-এর নিচে নয়। তবুও ওদের ভাগ্যে বয়স্কভাতা জোটেনি। এদের মধ্যে মৃত নবিন পাহানের স্ত্রী রায়মুনি পাহানের ভোটার আইডি কাড অনুযায়ী জন্ম-তারিখ ১৯৩৮ সালে ১২ সেপ্টেম্বর। সেই হিসাবে তার বর্তমান বয়স প্রায় ৭৪ বছর। গোপেশ্বর পাহান, ফগন বালা, রায়মুনি পাহান ও রাসমুনি জানান, তাদের নিজের জমি নেই। অন্যের জমিতে দিন-মজুর হিসাবে কাজ করে জীবিকা নির্বাহ করত। এখন বয়সের ভারে ওরা আর কাজ করতে না পেরে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। তারা জানান, নির্বাচন এলে এই পল্লীতে অনেক নেতা আসে অনেক প্রতিশ্রুতি দেয়। নির্বাচন শেষ হলে তাদের খবর রাখে না কেউ।