কর্মচারীর বদলি নিয়ে বিরোধ

রৌমারীর সাব-রেজিস্ট্রি অফিস ২ মাস বন্ধ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩১
কুড়িগ্রামের রৌমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার আব্দুস সালাম-এর বদলিকে কেন্দ্র করে দুই মাস থেকে অফিসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। দলিল লেখক সমিতির সদস্যরা অভিযোগ করেছে ওই কর্মচারী রৌমারী অফিস ত্যাগ না করা পর্যন্ত তারা কাজে যোগ দিবেন না। ফলে গত ২৫ নভেম্বর থেকে অফিসের সকল কার্যক্রম বন্ধ হয়ে আছে। দলিল লেখক সমিতির সভাপতি আবুল হাশেম অভিযোগ করে বলেন, ‘সরকারি নিয়ম অনুসারে কোনো কর্মকর্তা-কর্মচারী ২ বছরের বেশি এক কর্মস্থলে থাকতে পারবে না। অথচ ওই কর্মচারী একনাগাড়ে ৫ বছর থেকে এক কর্মস্থলে কাজ করছেন। তার ক্ষমতার কাছে আমরা অসহায়। জমি রেজিস্ট্রি করতে আসা লোকজনকে নানা কারণে হয়রানি করে সে।’ দলিল লেখক মোহাম্মদ আলী অভিযোগ করেন, ওই কর্মচারীর হাতে জিম্মি রৌমারী সাব-রেজিস্ট্রি অফিস। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেন সাংবাদিকদের জানান, সাব-রেজিস্ট্রি অফিসের ওই কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তার কাছেও রয়েছে। বিষয়টি জেলা রেজিস্ট্রারকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে অভিযুক্ত কর্মচারী আব্দুস ছালাম-এর সাথে কথা বললে তিনি বলেন, ‘আমার বদলি স্থগিত হয়েছে তাই আমি অফিস ত্যাগ করছি না। দুর্নীতির অভিযোগ সত্য নয়।’এ ব্যাপারে রৌমারী সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, ‘বদলি স্থগিত হওয়ার কোনো সরকারি আদেশ আমি পাইনি। দলিল লেখকরা যেহেতু কাজ করছে না তাই আমিও অফিসে যাচ্ছি না।’ কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার বিপুল কুমার-এর কাছে ওই কর্মচারী বদলির বিষয় জানতে চাইলে ওই কর্মচারীর বদলি হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ওই কর্মচারীর বদলি স্থগিত হয়নি। কি কারণে সে কর্মস্থল ত্যাগ করছে না তা জানা নেই। তবে তার বিরুদ্ধে পাওয়া অনিয়ম ও দুর্নীতি অভিযোগ তদন্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে।’