ক্ষতিগ্রস্তদের বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় কোটি টাকা নিয়ে পালিয়েছে ভুয়া কোম্পানি

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোটি টাকা নিয়ে পালিয়েছে একটি ভুয়া কোম্পানি। ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বই, পোশাক, ব্যাগ, খাবার, বৃত্তি ও শিক্ষকদের বেতন ভাতা এবং স্কুল ঘরের ভাড়া দেয়ার প্রলোভন দেখিয়ে ফেমাস বাংলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বিপুল পরিমাণ টাকা আত্মসাত্ করেছে। টাকা ফেরত পেতে ক্ষতিগ্রস্তরা রবিবার বিক্ষোভ প্রদর্শন করে। মিছিল শেষে তারা টুঙ্গিপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার রহমতপুর গ্রামের মোঃ মনিরুজ্জামান ৬/৭ মাস আগে টুঙ্গিপাড়া কলেজ এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে ফেমাস বাংলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন শাখা অফিস চালু করেন। অফিসের প্রধান কার্যালয় ঢাকা এবং বিদেশি দাতা সংস্থার টাকায় স্কুল পরিচালিত হবে এবং শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যাপক সুযোগ সুবিধা ভোগ করবে বলে প্রলোভন দেখানো হয়। টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও চিতলমারী উপজেলায় স্কুল প্রতিষ্ঠার নাম করে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৭ হাজার টাকা এবং শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন বাবদ ১২০ টাকা করে আদায় করে। ৩ উপজেলায় তিনি অন্তত ৫ শ’ টি স্কুল ও ১৫ হাজার শিক্ষার্থীর রেজিষ্ট্রেশন করান। এছাড়া স্কুলে শিক্ষক নিয়োগ দিতেও হাতিয়ে নেন লাখ লাখ টাকা। স্কুল শুরুর পর শিক্ষার্থীদের বই, ব্যাগ, খাবার, বাড়ি ভাড়া ও শিক্ষকদের বেতন দিতে গড়িমসি শুরু করে। অবশেষে গত ২৩ জানুয়ারি মনিরুজ্জামান কোটি টাকা নিয়ে পালিয়ে যান। গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, ওই নামে কোন এনজিওর শিক্ষা কার্যক্রমের কোন অনুমোদন আছে বলে আমার জানা নেই। এমনকি স্কুল করার সময়ও কেউ আমাদের কাছে খোঁজ নিতে আসেনি। এ কারণে ওই প্রতারক স্বল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ টাকা আত্মসাত্ করেছে।