ঠাকুরগাঁও জেলায় হলুদচাষিরা বিপাকে পড়েছেন। পোকার আক্রমণে উত্পাদন কম হওয়ায় এবং বাজারে হলুদের দাম পড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ক্ষেতে মাজরা পোকার আক্রমণ ও পচন রোগের প্রার্দুভাব এবং বাজারে ভালো দাম না পাওয়ায় ঠাকুরগাঁওয়ে ৫ শতাধিক হলুদচাষি পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বেলায়েত হোসেন জানান, হলুদ গাছের গড়ায় পানি লেগে থাকার কারণে হলুদ ক্ষেতে পচন রোগ ধরে। ফলে আশানুরূপ ফলন পায়নি কৃষকেরা।
সদর উপজেলা ভুল্লি¬ এলাকার হলুদচাষি আজগর আলী জানান, গত বছর প্রতি মণ কাঁচা হলুদ দু’হাজার ২শ’ থেকে দু’হাজার ৫শ’ টাকা এবং শুকনা হলুদ নয় হাজার ৫শ’ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। তাই উত্সাহ নিয়ে চলতি বছর উচ্চমূল্যে বীজ কিনে ৯ একর জমিতে হলুদের চাষ করেছেন।
কিন্তু এখন বাজারে ৩শ’ থেকে ৪শ’ টাকা মণ দরে কাঁচা হলুদ বিক্রি হচ্ছে। এ অবস্থায় খরচের অর্ধেকও উঠে আসবে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার দেড় হাজার হেক্টর জমিতে হলুদ চাষ হয়।
