রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০২ মে ২০১৯, ২১:৩৫

গত বুধবার বিকাল চারটায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কর্ণফুলী নদীর খেলাঘাট থেকে রাউজান থানা পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করে। লাশটি রাঙ্গুনিয়া পৌর এলাকার ২ নং ওয়ার্ডের দক্ষিণ নোয়াগাঁও এলাকার ফকিরখিল গ্রামের আনোয়ার মেম্বারের পুরাতন বাড়ির মো. নবীর হোসেনের পুত্র মো. আলমগীরের (৩১) স্ত্রী সাহেদ আক্তার শারমিন (২২)।

স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে সংবাদ দিলে বিকাল সাড়ে চারটার দিকে চুয়েট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

এই বিষয়ে নিহতের বাবা শহীদুল্লাহ ও চাচা মো. হাছান জানান, মেয়ে নিখোঁজের সংবাদ পেয়ে বৈদ্যের বাড়িতে গিয়ে হাজিরা দেখেন। পরে রাঙ্গুনিয়া থানায় গিয়ে একটি নিখোঁজের ডায়েরি করা হয়। তার মেয়ে ও স্বামীর সাথে কোনো মতানৈক্য ছিল না। বিকাল পাঁচটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন রাঙ্গুনিয়ার সার্কেল এএসপি আবুল কালাম আজাদ ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ।