সুন্দরগঞ্জে ডিগ্রী পরীক্ষার উত্তরপত্রসহ যুবক আটক

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৫
চলতি বছর অনুষ্ঠিত ডিগ্রী (পাস) প্রথম বর্ষের ইংরেজী পরীক্ষার ৫০টি উত্তরপত্রসহ এক যুবককে বৃহস্পতিবার রাতে সুন্দরগঞ্জ পৌরসভার ব্র্যাক মোড় থেকে পুলিশ আটক করেছে। আটক যুবকের নাম মেহেদী হাসান (২৩)। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কামারখালী গ্রামের জিন্নাত আলীর ছেলে ও ঢাকা তিতুমীর কলেজের ইংরেজী বিষয়ের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র। জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিষয়ের জনৈক এক পরীক্ষকের কাছ থেকে মেহেদী ওই ৫০টি উত্তরপত্র নিয়ে সুন্দরগঞ্জে আসেন। উত্তরপত্রগুলো সুন্দরগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের। ইতোপূর্বে তিনি বিভিন্ন সূত্রে উত্তরপত্রগুলোর সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম ঠিকানা সংগ্রহ করেন। ঠিকানা অনুযায়ী ১০ থেকে ২০ হাজার টাকা চুক্তিতে ভাল নম্বর পাইয়ে দেয়ার জন্য উত্তরপত্রগুলো নিয়ে তিনি সুন্দরগঞ্জ আসেন। বিষয়টি জানতে পেরে পুলিশ ওই স্থান থেকে তাকে আটক করে।