চাটমোহর শিক্ষক সমিতির সম্মেলন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ বাংলাদেশ শিক্ষক সমিতি চাটমোহর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২৪ জানুয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে চাটমোহর আরসিএন এন্ড বিএসএন হাইস্কুলের প্রধান শিক্ষক এসএম আব্দুল জব্বারকে সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আফসার আলীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা শিক্ষক সমিতির কার্যকরী কমিটি গঠন করা হয়।
কাঠালিয়ায় ছাত্রদলের সম্মেলন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ কাঠালিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মারুফ-এর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন সাবেক আইন প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর উপদেষ্টা, বিএনপি’র ঝালকাঠি জেলা সভাপতি মেজর (অবসর) ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীরউত্তম।
মানিকগঞ্জে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান
মানিকগঞ্জ প্রতিনিধি \ মানিকগঞ্জে পশ্চিম সেওতা শিক্ষা উন্নয়ন সংস্থার আয়োজনে পৌর এলাকার পশ্চিম সেওতা গ্রামের ১৫০ জন কৃতী সন্তান, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার প্রদান করেন।
শনিবার সংস্থার সভাপতি হাজী আব্দুস সত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আমির জাফর (চঞ্চল)।
মহাদেবপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা
মহদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ মহাদেবপুরে কন্যা সন্তান জন্ম দেয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার উপজেলার মথুরাপুর গ্রামে।মথুরাপুর গ্রামের মাবুদ বক্সের পুত্র আঃ সালামের সাথে মনোহরপুর গ্রামের ওয়াজেদ আলীর কন্যা মাসুদার প্রায় ২০ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে আঃ সালাম পুত্র সন্তান কামনা করলেও মাসুদা ৩টি কন্যা সন্তানের জন্ম দেয়।
ধামরাই আওয়ামী লীগের মানববন্ধন
ধামরাই সংবাদদাতা \ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে হাজার হাজার জনতা মানববন্ধন করেছে ধামরাই ইসলামপুরে। স্থানীয় এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ-এর নেতৃত্বে ধামরাই থানা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার এ মানববন্ধন করা হয়। ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, ধামরাই থানা আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন এবং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন (সাকু) ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবীর মোল্লা এ সময়ে উপস্থিত ছিলেন।
সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলন
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার উপজেলা আদর্শ শিশু কানন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা জনতা লীগের সভাপতি এ এইচ এম আব্দুল হাই। বক্তব্য রাখেন কেন্দ্রীয় জনতা লীগের সদস্য বেগম নাসরীন কাদের সিদ্দিকী।
ইসলামপুরে মাইজভান্ডারির ওরশ শরীফ
ইসলামপুর সংবাদদাতা \ ইসলামপুরে আহম্মদ উল্লা গাওছুল আজম (আ) এর স্মরণে টিটু খান লোহানী (টিটু ভান্ডারী)’র উদ্যোগে কিংজাল্লায় নবু হোসেনের সভাপতিত্বে মাইজভান্ডারী ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন শাহ্ সুফি জয়নাল আবেদীন আল করুনী।
ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক নেতা-কর্মী বিএনপিতে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় শতাধিক আওয়ামী লীগের নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছে। রাতে চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তারের বাসভবনে যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।
ধামরাই সেন্ট্রাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ
ধামরাই সংবাদদাতা \ শনিবার ধামরাই সেন্ট্রাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। মেধাবী শিক্ষার্থী, কৃতী খেলোয়াড় ও সাংস্কৃতিকমনা শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। বিপুল সংখ্যক অভিভাবক ও সুধীজনের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মোঃ শফিক আনোয়ার গুলশান প্রধান অতিথি ছিলেন। তিনি সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ কাউন্সিলের ৪৮ দিন পর নোয়াখালী জেলার চাটখিলের ৯ নং খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।শনিবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ ইউনিয়নের সভাপতি হিসাবে মীর হোসেন মিলন এবং সাধারণ সম্পাদক হিসাবে সিরাজুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
রাজশাহীতে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন
রাজশাহী অফিস \ রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের উদ্যোগে গতকাল শনিবার ভারতের ৬৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জে আঞ্চলিক ছড়া সম্মেলন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ শনিবার কিশোরগঞ্জ ছড়াকার সংসদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আঞ্চলিক ছড়া সম্মেলন অনুষ্ঠিত হয়। র্যালির পর আনুষ্ঠানিকভাবে ছড়া সম্মেলন উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
রাজাপুর প্রেসক্লাবের ২০ বছর পূর্তি উত্সব
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা \ বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবের ২০ বছর পূর্তি উত্সব অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয়ে সন্ধ্যা ৬টায় উত্সব অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার মো. নুরুল আমিন উপস্থিত থেকে প্রেসক্লাবের ২০ জন সাংবাদিককে সম্মাননা প্রদান করেন।
ফরিদপুরে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে রবিবার একটি বিদেশী পয়েন্ট টু-টু (.২২) বোর রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ ফরিদুর রহমান টিটু (৪০) নামের একজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর জেলা কমিটির ও মাসিক মুখপত্র শিশু কণ্ঠের যৌথ উদ্যোগে শনিবার স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব ও বাংলাদেশ শিশু একাডেমীর প্রাক্তন পরিচালক ফালগুনী হামিদ। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার।
ছাতক বিট ও ফরেস্ট অফিস ভস্মীভূত
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ ছাতকের বিট ও ফরেস্ট অফিস আগুনে ভস্মীভূত হয়েছে। রবিবার অগ্নিকাণ্ডে অফিসসহ যাবতীয় নথিপত্র ভস্মীভূত হয়। সকালে বিট ও ফরেস্ট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার আগে অফিস ও কোয়ার্টারের আংশিক ভস্মীভূত হয়ে যায়।
শরীয়তপুরে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন
শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক রবিবার দুপুরে জেলার গোসাইরহাট উপজেলার হাজী শরীয়তউল্যাহ সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। স্থানীয় বাংলাবাজারে সংগঠনের কার্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামন্তসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমির হোসেন পঞ্চায়েত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. মাকসুদুল হাছান, অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মামুন।
