ভেজাল ফুলকপির বিজে কৃষকের স্বপ্নভঙ্গ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৫১
ভেজাল ফুলকপির বীজ রোপণ করে ঈশ্বরদীর প্রান্তিক কৃষক সাহাদতের স্বপ্ন ভঙ্গ হয়েছে। তার এখন পথে বসার উপক্রম হয়েছে। ধার—দেনা করে বীজ, সার-কীটনাশক এনে জমিতে প্রয়োগ করে ফুলকপির ফলন না পেয়ে সাহাদত হতাশ। মহাজনের দেনা কিভাবে শোধ হবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তিনি। শুক্রবার সকালে কৃষক সাহাদতের জমিতে গিয়ে দেখা যায়, ২ বিঘা জমিতে ১০ হাজার ফুলকপি গাছের একটিতেও কপি নেই। কপির গাছ সবল ও তরতাজা থাকলেও গাছে ফুল কপির কোন ফুল পর্যন্ত নেই। আছে শুধু পাতা। সাহাদত হোসেন জানান, ৩ মাস আগে ঈশ্বরদীর নতুন হাটের আশরাফ সরদারের সৌরভ বীজ ভান্ডার থেকে লেট ভ্যারাইটি এক্সেল জাতের ফুল কপির বীজ কিনে এনে চারা তৈরি করে জমিতে রোপণ করেন তিনি। ফুল কপির গাছ সবল হলেও দীর্ঘ ৩ মাসে এখনো কোন গাছে ফুল আসেনি।