উপজেলার টগরবন্দ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে থানা পুলিশের সহযোগিতায় চলছে জুয়া ও নগ্ন নৃত্য। উপজেলা আওয়ামী লীগ সদস্য আশরাফ উদ্দিন তারার নেতৃত্বে গত ২৩ জানুয়ারি থেকে চলছে জুয়া ও যাত্রার নামে অশ্লীল নৃত্য। অনেকে প্রতারিত হয়ে ইতিমধ্যে সর্বস্বান্ত হয়েছে। থানা প্রশাসন বিষয়টি জেনে ও রহস্যজনক কারণে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। আগামী ৩ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা লেখাপড়া বাদ দিয়ে যাত্রার নগ্ন নৃত্যের দিকে ঝুঁকে পড়েছে। পরীক্ষার সময় যাত্রার কারণে এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের ফলাফল বিপর্যয়ের আশংকায় উদ্বেগ প্রকাশ করেছেন। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, জুয়া বা অশ্লীল নৃত্য হচ্ছে কিনা তা জানা নেই। তবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আবুল খায়ের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত যাত্রার অনুমতি আছে বলে ওসি নিশ্চিত করেছেন। গত ২৫ জানুয়ারি রাতে ইউএনও যাত্রায় জুয়া ও নগ্ন নৃত্য না করার শর্তে ওসির কক্ষে কমিটির প্রধান আশরাফ উদ্দিনকে ডেকে মুচলেকা রাখেন। কিন্তু এরপরও একই ঘটনার অভিযোগ পাওয়া গেছে।
