মেশিনে চারা রোপণ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২২:১৩
‘রাইস ট্রান্সপ্লান্টার’ যন্ত্রের সাহায্যে অত্যন্ত কম খরচ ও সময়ে অধিক জমিতে ধানের চারা রোপণ করা যায়। বীজতলা তৈরির জন্য আলাদা জমিরও প্রয়োজন হয় না। কৃষক বাড়ির উঠানে বীজতলা তৈরি করতে পারে। চারার দৈর্ঘ্য ১০-১২ সেন্টিমিটার হলে তা রোপণের উপযুক্ত হয়। ওই যন্ত্রের সাহায্যে একজন শ্রমিক ঘণ্টায় প্রায় ২ বিঘা জমিতে চারা রোপণ করতে পারে। তাই মাঠ পর্যায়ে যন্ত্রটি ব্যাপকভাবে ব্যবহার হলে শস্য উত্পাদন খরচ আশানুরূপভাবে কমে যাবে। গতকাল রবিবার রংপুরের পীরগঞ্জ উপজেলায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের সাহায্যে জমিতে ধানের চারা রোপণ এবং গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের মাঠ প্রদর্শনী অনুষ্ঠানে কৃষিবিদরা এসব কথা জানান। সরকারের কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্প (এফএমটিডি)’র আওতায় এ প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। প্রদর্শনীটি স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরালয় ফতেপুরের মিয়াবাড়িতে ‘কৃষক সভা’ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রওশন আরা ওয়াহেদের সভাপতিত্বে মাঠ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক কৃষিবিদ ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গউছ আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রকিবুল হাসানসহ স্থানীয় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘এফএমটিডি’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ আব্দুর রহমান। অনুষ্ঠানে কৃষিবিদ ফিরোজ আহমেদ বলেন, কৃষির উন্নয়নে কৃষি যান্ত্রীকিকরণ আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। এক্ষেত্রে ব্রি উদ্ভাবিত আধুনিক কৃষি যন্ত্রপাতি সহায়ক ভূমিকা রাখছে। মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি যন্ত্রপাতি সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে তিনি কৃষকদেরও এগিয়ে আসার আহবান জানান। চারা রোপণ মেশিনের দাম প্রায় তিন লাখ টাকা। ব্রি উদ্ভাবিত গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের কার্যকারিতা সম্পর্কে অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন পদ্ধতিতে যেখানে ১ বিঘা জমিতে ৪০-৪২ কেজি ইউরিয়া সারের প্রয়োজন হয়, সেখানে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্রের মাধ্যমে করলে মাত্র ২০-২২ কেজি সার হলেই চলে। এতে বিঘা প্রতি কৃষকদের কয়েকশ’ টাকা সাশ্রয় হবে।