গার্মেন্টস মালিককে গ্রেফতারই সমাধান নয় :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২২:১৪
আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের পর রাজধানীর মোহাম্মদপুরে স্মার্ট ফ্যাশনসে গত শনিবার অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, কোনো গার্মেন্টস মালিককে গ্রেফতারই সমাধান নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল রবিবার আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্মার্ট ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা দুঃখজনক এবং মর্মান্তিক। এ ঘটনায় মালিকপক্ষের কোনো প্রকার অবহেলা থাকলে তা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে মালিকপক্ষের কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেয়া হবে না। অগ্নিকাণ্ডের ঘটনার পর স্মার্ট ফ্যাশনসের মালিকপক্ষের কেউই আসেনি এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, মালিকপক্ষের কেউ আসেননি একথা সত্য, তবে কেন আসেননি তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের কোনো অবহেলার প্রমাণ মিললে ব্যবস্থা নেয়া হবে । এর আগে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। এ সম্পর্কে মন্ত্রী জানান, গত বছরের চেয়ে এ বছর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এর ধারাবাহিকতা ধরে রাখতে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাসান মাহমুদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মুস্তাক, মহা-পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানসহ সংশ্লিস্ট কর্মকর্তারা। সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশনসে গত বছরের ২৪ নভেম্বর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এছাড়াও গত শানিবার স্মার্ট ফ্যাশনসে অগ্নিকাণ্ডে মারা যায় ৭ নারী শ্রমিক।