ভারত ও পাকিস্তানের জম্মু ও কাশ্মীর সীমান্তে বাণিজ্য এবং বাস সার্ভিস আজ সোমবার থেকে আবার চালু হতে পারে। গত ৬ জানুয়ারি থেকে কয়েক দফা দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে গুলি বিনিময় এবং হতাহতের পর সীমান্তে বাণিজ্য এবং বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়। এদিকে কাশ্মীরে একটি বাঁধ নির্মাণে দুই দেশের আলোচনা স্থগিত করা হয়েছে। খবর ডন ও টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের বেসামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের উত্তেজনা প্রশমিত হয়েছে। জম্মু এবং কাশ্মীর সীমান্তে দুই দেশের নিয়মিত বাণিজ্য এবং ভ্রমণ সোমবার থেকে চালু হতে পারে। শনিবার ভারতের ৬৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এরপর বাণিজ্য এবং বাস সার্ভিস চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। দুই দেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টির পর পাকিস্তান পুঞ্চ সেক্টরের চাখান-দা-বাগ গেট বন্ধ করে দিলে বাস সার্ভিস এবং বাণিজ্য বন্ধ হয়ে যায়। সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় পকিস্তানের তিনজন এবং ভারতের দু’জন সৈন্য নিহত হয়। সেন্য নিহত হওয়ার ঘটনায় দেশ দু’টি একে-অপরকে দায়ী করলেও কেউ সৈন্য হত্যার বিষয়টি স্বীকার করেনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাশ্মীরে সপোর এলাকার কাছে ভারত কর্তৃক নির্মিতব্য ওলার বাঁধ নির্মাণ নিয়ে গতকাল রবিবার এবং আজ সোমবার দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে গতকাল সেই বৈঠক স্থগিত করে পাকিস্তান। বৈঠকের তারিখ পরে নির্ধারণ করা হবে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
