সমুদ্রের নিচে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। গতকাল রবিবার পরমাণু শক্তিধর এই দেশটি বঙ্গোপসাগরে এই পরীক্ষা চালায়। এ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স এবং চীনের আছে। এখন ভারত এর অধিকারী হলো। খবর এনডিটিভির। বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে ৫০ মিটার গভীর থেকে ভারতের নিজের তৈরি পারমাণবিক ডুবোজাহাজ থেকে ‘বিও ৫’ নামের ক্ষেপণাস্ত্রটি উেক্ষপণ করা হয়। দেশটির প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন গবেষণাগারের পরিচালক একে চক্রবর্তী বলেন, এই ধরনের অস্ত্রের এটি চৌদ্দতম সফল পরীক্ষা এবং সবচেয়ে উন্নত সংস্করণ। এই ধরনের জটিল প্রযুক্তি আছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীনের। ভারত এখন এই ক্লাবের পাঁচ নম্বরে যুক্ত হলো। তিনি বলেন, এই পরীক্ষা চালানোর মাধ্যমে ভারত আকাশ, স্থল এবং জলপথে পরমাণু অস্ত্র পরিচালনায় স্বয়ংসম্পূর্ণ হলো। ১৫ বছর ধরে ২শ বিজ্ঞানী এবং কর্মীর অক্লান্ত পরিশ্রমে এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে বলে জানান চক্রবর্তী।
