দুলুর মুক্তির দাবিতে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২২:১৭
বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি সাবেক উপমন্ত্রী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আটক সকল বিএনপি নেতা-কর্মীর নিংশর্ত মুক্তি এবং ‘যড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে রাজশাহী ও রংপুর বিভাগীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল রবিবার নাটোর জেলা বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে। অবিলম্বে এ দাবি বাস্তবায়ন না হলে আগামী ৪ ফেব্রুয়ারি রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় সর্বত্র হরতাল পালনের মাধ্যমে সরকার পতন আন্দোলন শুরু করার আহ্বান জানান তারা। শহরের আলাইপুরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ। বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. সিরাজুল ইসলাম, সিংড়া থানা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, শহর বিএনপির সাধারণ সম্পাদক ও নাটোর পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, বাগাতীপাড়া পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রমুখ।