নকল প্রসাধনী তৈরি আঁখিকে এসিড নিক্ষেপকারী মনিরের দুই বছর জেল

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২২:১৮
ইডেন কলেজ ছাত্রী আঁখিকে এসিড নিক্ষেপকারী মনির উদ্দিনকে নকল প্রসাধনী তৈরি ও বিক্রয়ের অভিযোগে দুই বছরের সাজা ও এক লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম গতকাল রবিবার এ সাজা প্রদান করেন। মহানগর গোয়েন্দা পুলিশের এডিসি (দক্ষিণ) মোখলেছুর রহমান জানান, মনির উদ্দিন নকল প্রসাধনী তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। তার দেয়া তথ্যমতে গতকাল মোবাইল কোর্ট মোহাম্মদপুরের ৮বি, নুরজাহান রোডস্থ বাসায় অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নকল প্রসাধন সামগ্রী। এ ঘটনায় মোবাইল কোট তাকে ২ বছরের সাজা, এক লাখ টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া জরিমানা অনাদায়ের আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বিয়েতে রাজি না হওয়ায় মনিরউদ্দিন গত ১৫ জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজধানীর চাঁনখারপুলের কাজি অফিসে ইডেন কলেজের ছাত্রী আখীকে এসিডদগ্ধ ও ছুরিকাহত করে রাঙ্গামাটিতে পালিয়ে গিয়ে জনৈক রঙ্গু চৌধুরীর বাড়ীতে আশ্রয় গ্রহণ করে। ২৪ জানুয়ারি আনসার সদস্যরা তাকে গ্রেফতার করে পুলিশে সোর্পদ করে। পরের দিন ২৫ জানুয়ারি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৯ দিনের রিমান্ডে নেয়। মনিরউদ্দিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার বড়িশ্বর।