ব্রাজিলে নাইট ক্লাবে আগুন আড়াই শতাধিক নিহত

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২২:২৩
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শহর হিসেবে পরিচিত সান্তা মারিয়ার একটি নাইট ক্লাবে গতকাল রবিবার অগ্নিকান্ডে ২৫০ জনের বেশি লোক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২শ’ মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ক্লাবে প্রায় ৫ শত মানুষ ছিল। খবর বিবিসি ও রয়টার্সের। ‘কিস’ নামের ক্লাব থেকে ১৫৯টি মৃতদেহ সরানো হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকাজের তত্ত্বাবধায়নকারী সামরিক পুলিশের মেজর জিয়ার্সন দ্যা হোযা ফেরেইরা। নিহতরা শ্বাসজনিত সমস্যায় এবং পদদলিত হয়ে মারা গেছে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। গ্রীনিচ মান সময় সকাল ভোর ৪টায় (স্থানীয় সময় রাত ২টা) একটি ব্যান্ড দল গান গাওয়ার সময় আতশবাজি প্রদর্শনী করলে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। দুই হাজার ধারণক্ষমতার ক্লাবটিতে ঘটনার সময় ৩ শত থেকে ৫ শত মানুষ ছিল বলে মনে করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সঠিক সংখ্যা নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। প্রাদেশিক রাজধানী পোর্তো এলেগ্রে থেকে ৩শত কিলোমিটার পশ্চিমে সান্তা মারিয়া শহরের অবস্থান। দেশটির বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী দিলমা রউসেফ চিলিতে তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরবেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। একজন উদ্ধারকর্মী জানিয়েছেন, তিনি এমন দুর্ঘটনা আগে কখনো দেখেননি। নিহতদের অধিকাংশই যুবক। রিয়োগ্রান্ডো দো সুলের গভর্ণর তারসো জেনরো এটিকে দু:খের রবিবার উল্লেখ করে বলেন, অগ্নিকান্ডের ঘটনায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে। কর্তৃপক্ষ এখন মৃতদের পরিচয় জানার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে। লুয়ানা সালতোস সিলভা (২৩) নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা মঞ্চের দিকে তাকিয়ে ছিলাম। হঠাত্ করে দেখি মঞ্চের ওপরে আগুন ধরে গেছে। আমার বোন আমাকে জড়িয়ে ধরলো এবং টেনে বের করে নিয়ে গেল। তিনি বলেন, বাইরে বের হওয়ার রাস্তা খুবই সরু। তার বড় বোন অ্যালাইন সান্তোস সিলভা(২৯) বলেন, আমরা সঠিক সময়ে আগুন দেখতে পেয়েছিলাম এবং সেটি ছড়ানোর আগেই দ্রুত বের হতে সক্ষম হই। তিনি আরো জানান, আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ায় মানুষ বের হওয়ার পর্যাপ্ত সময় পায়নি। ১৫ জনের মৃতদেহ বাথরুমে পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।