জাতীয় সংসদের চলতি অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত বিল আনার দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপির সংসদ সদস্যরা। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসনের নামে করা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে এ দাবি জানানো হয়। গতকাল রবিবার সকাল ১১টা থেকে সংসদ টানেলের প্রবেশমুখে টানা একঘণ্টা এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপি এখনো সংসদে যেতে প্রস্তুত। আমরা সংসদে যেতে চাই; কিন্তু বিল এনে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিল আনলেই আমরা সংসদে যেতে প্রস্তুত।
বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কাঠগড়ায় এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলকে কারাগারে রেখে আমরা কীভাবে সংসদে যেতে পারি।’ তিনি অভিযোগ করে বলেন, সংসদে গেলে আমাদের কথা বলতে দেয়া হয় না।
রাষ্ট্রপতির উদ্দেশে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, একবারও কি আপনি সংসদ নেতাকে জিজ্ঞেস করেছেন, কেন সংসদ বিরোধী দলবিহীন?’ মানববন্ধনে বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন, মাহমুদুল হাসান, আমজাদ হোসেন, সংরক্ষিত আসনের নারী সদস্য সৈয়দা আফিয়া আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার প্রমুখ বক্তব্য দেন।
