আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ অ্যাড. আ.ক.ম মোজাম্মেল হকের ফের প্রার্থী হওয়ার খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলীয় নেতা-কর্মীরা। এবার তিনি নির্বাচিত হলে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হবেন। এদিকে খবরটি কালিয়াকৈরে ছড়িয়ে পড়ার পর নাগরিক সমাজ ও সাধারণ মানুষও ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে বলছেন, কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটি, রেলস্টেশন ও বিদ্যুত্ কেন্দ্রসহ নানা কারণে কালিয়াকৈর এখন দেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা।
গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হকের মতো একজন বিচক্ষণ ও অভিজ্ঞ নেতাকে মনোনয়ন দিয়ে আওয়ামী লীগ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর বলেন, দশ বছর আগের কালিয়াকৈর আর এখনকার কালিয়াকৈরের মধ্যে অনেক পার্থক্য। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মক্তিযোদ্ধা ডা. সাহাবউদ্দিন আহসান বলেন, এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে আ.ক.ম মোজাম্মেল হকের কোনো বিকল্প নেই। মন্ত্রীর সঠিক পদক্ষেপের কারণে কালিয়াকৈরে চাঁদাবাজি, রাজনৈতিক অস্থিরতা কিছুই নেই।
এদিকে গণমাধ্যমের খবরে আ.ক.ম মোজাম্মেল হকের প্রার্থী হওয়ার খবর শুনে মিষ্টি বিতরণ করেন কালিয়াকৈর উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ নেতা-কর্মীরা।
