রমজান উপলক্ষে ঢাকাসহ সকল বিভাগীয় শহর ও চিনিকলগুলোর গেটে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে চিনি বিক্রয় করবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। ঢাকার ১৬টি স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হবে। ট্রাক সেলে প্রতি কেজি প্যাকেট জাত চিনি ৬৫ টাকা এবং মিল গেটে খোলা চিনি ৫০ টাকা দরে বিক্রি করা হবে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন গতকাল রাজধানীর দিলকুশায় চিনিশিল্প ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্পসচিব মো. আবদুল হালিম। করপোরেশনের চেয়ারম্যান আ শ ম ইমদাদুদ দস্তগীর এতে সভাপতিত্ব করেন। শিল্পমন্ত্রী বলেন, রমজানে দেশের কোথাও চিনির ঘাটতি হবে না। চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে। তারপরও রমজানের সময় সকলের কাছে যাতে পর্যাপ্ত পরিমাণ চিনি পৌঁছে দেওয়া যায় সেজন্য ট্রাকের মাধ্যমে চিনি বিক্রয়ের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রমজানে চিনির সম্ভাব্য চাহিদা প্রায় ৩ লাখ মেট্রিক টন উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নিকট ১ লাখ ৪৬ হাজার মেট্রিক টনের বেশি চিনি মজুদ আছে। এছাড়া, চলতি ২০১৮-১৯ অর্থবছরে বেসরকারি পর্যায়ে ১৭ লাখ ৬ হাজার ৬৭৯ মেট্রিক টন ‘র’ সুগার আমদানি করা হয়েছে। তিনি বলেন, চিনির পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকার পরও যারা কারসাজি করে এর মূল্য বৃদ্ধির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
