ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আজ আসছেন

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২২:২৮
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে দুইদিনের সফরে আজ সোমবার ঢাকা আসছেন। এই সফরে ঢাকা ও নয়াদিল্লীর মধ্যে বহুল আলোচিত বন্দী বিনিময় চুক্তি স্বাক্ষর হবে। এছাড়া দুই দেশের মধ্যে ভিসা সহজীকরণ বিষয়ে সমঝোতা হবে। নিরাপত্তা, সীমান্ত হত্যা বন্ধ, সীমান্ত সংশ্লিষ্ট ইস্যু, চোরাচালান রোধসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও ভারতীয় মন্ত্রীর আলোচনা অনুষ্ঠিত হবে। আজ দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে দ্বিপাক্ষিক বৈঠক শেষে চুক্তি স্বাক্ষর হবে। এরপর দুই স্বরাষ্ট্রমন্ত্রী যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বন্দী বিনিময় চুক্তি প্রসঙ্গে বলেন, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ বেশি লাভবান হবে। গতকাল রবিবার সকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ড. আলমগীর বলেন, বাংলাদেশের যতো অপরাধী আশ্রয় প্রার্থী হিসাবে ভারতে অবস্থান করছে তার তুলনায় অনেক কম অপরাধী এখন বাংলাদেশে আছে। তাই এই চুক্তিতে আমরাই বেশি লাভবান হবো।