ইউরোপের ক্রেতারাও আসছে কারখানার পরিবেশ দেখতে

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২২:৩০
এবার তৈরি পোশাক কারখানার কর্ম পরিবেশ সম্পর্কে ধারণা নিতে ঢাকা সফরে আসছেন ব্রাসেলস কেন্দ্রিক ইউরোপীয় ফরেন ট্রেড এসোসিয়েশন (এফটিএ) কর্মকর্তারা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর পাওয়া গেছে। সূত্র জানায়, নন-কমপ্ল¬ায়েন্ট অর্থাত্ ভালো কর্ম পরিবেশ নেই এমন তৈরি পোশাক কারখানা থেকে পোশাক আমদানি না করার জন্য অব্যাহতভাবে চাপ দিয়ে যাচ্ছে এফটিএ। তারা পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে আসতে চেয়েছে। সরকার তাদের সফরের বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। সূত্র আরো জানায়, ১০০০ সদস্য কোম্পানির সম্মিলিত সংস্থা এফটিএ। যার মধ্যে রয়েছে খুচরা ও পাইকারি ক্রেতা এবং ব্রান্ডেড পণ্য বাজারজাতকারী কোম্পানি। সংস্থার সদস্য কোম্পানিগুলোর বছরে টার্নওভারের পরিমাণ প্রায় ৬০০ বিলিয়ন ইউরো। সংস্থাটি সম্প্রতি এক চিঠিতে কারখানার পরিবেশ নিয়ে তাদের উদ্বেগের বিষয়টি বাণিজ্য মন্ত্রীকে জানিয়েছে। এ চিঠিতে বলা হয়েছে, ভালো কর্ম পরিবেশ নেই এমন কারখানা থেকে পণ্য আমদানি করার পক্ষে নয় তারা। তবে একই সঙ্গে তারা কারখানার কর্মপরিবেশ উন্নয়নে সহযোগিতাও করতে চেয়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, কর্ম পরিবেশ উন্নয়নে এখন উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে সংশ্লি¬ষ্টদের সহযোগিতাও পাওয়া যাবে। এফটিএ কর্মকর্তারা সহসাই বাংলাদেশ সফরে আসতে চায়। সফরকালে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে আলোচনায় আগ্রহী ক্রেতাদের বৃহত্তম এ সংস্থাটি। বাংলাদেশের তৈরি পোশাক রফতানির প্রধান বাজার ইউরোপ। গত অর্থ বছরে ইউরোপে তৈরি পোশাক রফতানির পরিমাণ ছিল প্রায় সাড়ে ১১ বিলিয়ন মার্কিন ডলার। যা ওই অর্থ বছরের মোট পোশাক রফতানির ৬০ শতাংশ। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, তৈরি পোশাক কারখানার কর্ম পরিবেশ উন্নয়নে সরকার সচেষ্ট। সরকারের এ উদ্যোগের কথা বিদেশি ক্রেতা ও দাতাদের জানানো হচ্ছে। এজন্য প্রচারণার নানা প্রস্তুতিও রয়েছে। ইতিবাচক প্রচারণা চালাতে নির্দেশনা পাঠানো হয়েছে গুরুত্বপূর্ণ বাংলাদেশ মিশনগুলোতে।