সপ্তমবারের মতো যাকাত মেলা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। বরাবরের মতো এবারও এ মেলার আয়োজন করছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ মেলা অনুষ্ঠিত হবে। পরিকল্পনামন্ত্রী মো. আবদুল মান্নান মেলার উদ্বোধন করবেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে আয়োজক সংগঠন। সংবাদ সম্মেলনে সিজেডএম চেয়ারম্যান এবং রহিম আফরোজ গ্রুপের ডিরেক্টর নিয়াজ রহিম, এবারের যাকাত মেলার আহ্বায়ক এ এম এম নাসির উদ্দিন, সিজেডএমের হেড অব অপারেশন্স জসিম উদ্দিন ফেরদৌস, মিডিয়া ম্যানেজার আরমান ইমতিয়াজ উপস্থিত ছিলেন।
এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘যাকাত ব্যবস্থাপনার গতানুগতিক পদ্ধতির বাইরে ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন’। মূলত যাকাত সম্বন্ধে ব্যাপক সচেতনা তৈরি ও যাকাতের সঠিক ব্যবস্থাপনাই এ মেলার উদ্দেশ্য। মেলায় বিশেষজ্ঞ আলেম ও অর্থনীতিবিদদের নিয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে এ সম্বন্ধে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে।
